Sylhet Today 24 PRINT

প্রস্তুতি ম্যাচে আইরিশ মেয়েদের হারাল জাহানারার দল

স্পোর্টস ডেস্ক |  ১২ মার্চ, ২০১৬

ভারতের বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

শনিবার (১২ মার্চ) আয়ারল্যান্ড নারী দলকে ৭৪ রানে অলআউট করে দিয়ে ৮ উইকেটে হারিয়েছেন জাহানারারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোলে পড়ে আইরিশ দল। ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর পঞ্চম উইকেটে ২৫ রানের জুটি গড়েছিলেন অধিনায়ক ইসোবেল জয়েস ও কিম গ্রাথ।

জয়েস (১৬) আর গ্রাথ (১১) ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন আর মাত্র একজন লরা ডিলানি (১৭)। শেষ দিকে আয়ারল্যান্ড ৩৭ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট।

১২ রানে ৪ উইকেট নিয়েছেন রুমানা।

জবাবে শারমিন আখতার ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিই জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশকে। দলের ২৭ রানে আয়েশা (১১) ফিরে যান, ৪৬ রানে সানজিদাও (১০)। ১২.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৩৭ বলে ৫টি চার সহ ৩৬ রান করে অপরাজিত ছিলেন শারমিন।

বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে ১৫ মার্চ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে মেয়েরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.