ক্রীড়া প্রতিবেদক | ১৭ মার্চ, ২০১৬
শক্তিশালী ইংল্যান্ডের সাথে জিততে না পারলেও ব্যাটে বলে লড়াই করে হেরেছে জাহানারা আলমের দল।
ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ ১১৭ রান করে ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের পক্ষে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করে নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুনের ব্যাট থেকে আসে ৩২ রান। ফারজানা পিংকি ও রোমানা আহমেদের ব্যাট থেকে আসে ১৯ রান করে।
গত বিশ্বকাপে টি-টোয়েন্টিতে দেশের মাটিতে অবশ্য ইংল্যান্ডকে হারিয়ে চমকে সালমা-লতারা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভারতের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ইংলিশ মেয়েরা। শুরুতে মার খেলেও স্পিন বোলিং নিয়ে ইংলিশদের বিপাকে ফেলতে সক্ষম হন ফাহিমা,সালমা, খাদিজা। তবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক ও পেসার জাহানারা আলম।
এ দিন নারী ক্রিকেটের সুপার স্টার সারাহ টেইলরকে খুব অল্প রানেই ফেরাতে সক্ষম হয় বাংলাদেশ। মাত্র ৯ রান করে তিনি ফাহিমার বলে আউট হন। ইংলিশদের পক্ষের সেরা তাদের অধিনায়ক। ৫১ বলে ৬০ রান শার্লট এডওয়ার্ডসই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেন।