স্পোর্টস ডেস্ক | ২৫ ফেব্রুয়ারী, ২০১৫
পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী স্টেডিয়াম, সুন্দর ক্রিকেট মাঠ মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেটাররা সব মুখিয়ে থাকেন এখানে খেলার জন্য। মাশরাফিও ব্যতিক্রম নন। তিনিও অধীর আগ্রহ নিয়ে আছেন আই গ্রাউন্ডে খেলার জন্য।
মাশরাফি বলছেন,‘হ্যা, গতকাল মাঠ দেখলাম। আজও দেখেছি। আমার কাছে উইকেট খুব ভালো মনে হয়েছে। এখানে আমরা ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটাও দেখেছি। মনে তো হচ্ছে, এটা খুব ভালো ব্যাটিং ট্র্যাক। আমাদের জন্য ভালো হবে বলেই মনে হচ্ছে। গতকাল এখানে ফিল্ডিং অনুশীলন করেছি। আমরা এখন খেলার জন্য মুখিয়ে আছি।’ স্থানীয় সাংবাদিকরা বলেন মেলবোর্নে খেলার একটা বিপদ আছে তা হল এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যেখানেই গেছে সমর্থক বেশি ছিল বাংলাদেশের। তবে মেলবোর্নে প্রবাসী শ্রীলঙ্কানের সংখ্যা অনেক বেশি হওয়ায় দেখা যাক কি হয়।
এই প্রেক্ষিতে মাশরাফি বললেন, ‘আমার মনে হয় এখানেও বাংলাদেশী সমর্থকরা আসবেন । এটাই আমার বিশ্বাস। আমি গতকালই শুনেছি সিডনি থেকে অনেক বাংলাদেশী সমর্থক আসছেন। আমার তো মনে হয়, তাদের সামনে খেলাটা আরো একটা দারুন অভিজ্ঞতা হবে। হ্যা, অন্য দলের সমর্থকরা থাকলেও আমরা ভালো খেললে সব সমর্থকই খুশী হবেন।’