সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা শুরুর আগে একটা দৃশ্য টিভিতে দেখে চমকে যেতে হল- বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মাঠে ঢুকছেন বাংলাদেশের কিংবদন্তী, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ার আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ফোনে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, ‘আমি গত কয়েক দিন ধরে মেলবোর্নেই আছি। আইসিসি থেকে ফোন দিয়ে বললো, তুমি তো আমাদের হিরো। তুমি কষ্ট করে এই কাজটা করবে? আমি না বলিনি।’
আইসিসি বুলবুলকে শুধু এটুকু সম্মানই দিচ্ছে, তা নয়। বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের নামকরা সব কিংবকদন্তীর পাশাপাশি নিজেদের ওয়েবসাইটে তার কলামও প্রকাশ করছে আইসিসি।
বর্তমানে মেলবোর্নের বাসিন্দা এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ফোন দিয়ে এমসিজিতে প্রেসিডেন্ট বক্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে খেলা দেখার জন্য। তার অতিথিদের জন্য বাড়তি টিকিট পাঠানো হয়েছে।