সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ২৭ ফেব্রুয়ারী, ২০১৫
এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো দেড়শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে উইন্ডিজকে ৪০৯ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেন প্রোটিয়া অধিনায়ক।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীরভাবে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫.৪ ওভারে ইনিংসের শুরুতেই ফিরে গিয়েছিল দলটির ওপেনার কুইন্টন ডি কক। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ফ্যাফ ডু প্লেসিস ও হাশিম আমলার ১২৭ রানের অবস্থানে ফাটল ধরান ক্রিস গেইল। ১৪৫ রানে ডু প্লেসিসের বিদায়ের পর এক রানের ব্যবধানে আমলাকেও ফেরান জ্যামাইকান বোলার। ৩৯ বলে ৬১ রান করে দলীয় ২৮০ রানে আউট হন রিলে রোসিউ।
এর পরের অংশটা শুধুই এবি ডি ভিলিয়ার্সময়। ডেভিড মিলার মাত্র ২০ রান করে ৪৭তম ওভারে আউট হলেও ঝড় থামাননি ওয়ানডে ক্রিকেটের দ্রুততম শতকের মালিক। জেসন হোল্ডারকে একটি ছক্কা হাঁকিয়ে মাত্র ৫২ বলে শতক স্পর্শ করেন ভিলিয়ার্স। শেষ পর্যন্ত তিনি ৬৬ বলে ১৬২ রান করে অপরাজিত থাকেন। প্রোটিয়া অধিনায়কের ব্যাটে ১৭টি চারের সাথে ৭টি ছক্কার মারও দেখা গেছে। হাশিম আমলা ৬৫, ডু প্লেসিস ৬২, ডি কক ১২ ও রোসিউ ৬১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট নেন।