Sylhet Today 24 PRINT

‘আপনার বোন বা প্রেমিকার সাথে কেউ এমন করলে বুঝতেন!’

স্পোর্টস ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৬

গেল এশিয়া কাপ থেকেই দারুণ ফর্মে আছেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি। এরই ধারাবাহিকতায় রোববার ৫০ বলে ৮৬ রানের অপরাজিত ঝড়ো এক ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুললেন কোহলি।

কোহলি যখন ফর্মে থাকেন না তখন ক্রিকেটভক্তরা দায়ী করেন তার প্রেমিকা বলিউড নায়িকা আনুশকা শর্মাকে। আবার তিনি যখন ফর্মে থাকেন তখনও সেই আনুশকা শর্মাকে নিয়েই তৈরি করা হয় হাস্য-রসাত্মক ট্রল।

সেগুলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না ভারতের এই ব্যাটিং জিনিয়াস। তাইতো তিনি ভক্ত-সমর্থকদের আনুশকার পেছনে লেগে না থাকতে অনুরোধ করেছেন।

সোমবার বিকেলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে এক টুইট করেন। সেখানে তিনি লিখেন, ‘যারা অবিরতভাবে আনুশকা শর্মাকে নিয়ে ট্রল বানায় তাদের জন্য লজ্জা। আনুশকার জন্য কিছুটা সমবেদনা রাখুন। কারণ, সে সব সময়ই আমাকে ইতিবাচকভাবে সমর্থন দিচ্ছে।’

এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে 'শেম' লেখা একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'সেই সকল মানুষের প্রতি ধিক্কার, যারা আনুশকার পিছনে লেগে আছে এবং তাকে বিরক্ত করছে। আমার খেলার জন্য তাকে নিয়ে নেগেটিভ কিছু করার কোনো মানে নেই। সে (আনুশকা) সবসময়ই আমাকে ইতিবাচকভাবে সমর্থন দিয়ে এসেছে। তাকে এইভাবে ট্রল করা মানুষগুলোর উপর আমার কোনও সম্মান নেই।

তিনি আরও লেখেন, 'একবার চিন্তা করে দেখুন, আপনার বোন বা গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে যদি এমন ট্রল করা হয় তখন কেমন লাগবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.