সিলেটটুডে ওয়েব ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
ওপরের ছবিটি নিউজিল্যান্ডের নেলসন শহরের রাদারফোর্ড হোটেলের। এই হোটেলই আগামী কয়েকটা দিন বাংলাদেশ জাতীয় দলের ঠিকানা হয়ে থাকছে।শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে নিউজিল্যান্ডের নেলসনে পৌছে গেছে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়া থেকে কিছু ভালো, কিছু খারাপ স্মৃতি নিয়ে গতকাল সকালে নিউজিল্যান্ডে রওনা হয়ে যায় মাশরাফিদের দল। দলীয় সূত্রে জানা গেছে, সবাই নিরাপদে নেলসনে পৌছেছেন।
এই নেলসনের স্যাক্সটন ওভালে আগামী পাঁচ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপে নিজেদের অভিষেক টুর্নামেন্টে গত ১৯৯৯ সালে এই স্কটল্যান্ডকে হারিয়েই জয়ের খাতা খুলেছিল দলটি। এর বাদে দলটির সাথে মোট তিন বারের প্রতিদ্বন্দীতার প্রত্যেকটিতেই জয়ী দলের নাম বাংলাদেশ।
তবে, দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেও সতর্ক বাংলাদেশ। একদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানে হারের পর মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘আগামী ম্যাচে ভুল শুধরে ফেরার চেষ্টা থাকবে। আশা করি এটাই আমাদের টুর্নামেন্টের সবচেয়ে বাজে পারফরম্যান্স হবে।’
তবে, আপাতত বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটা খুব বেশি লম্বা হচ্ছে না। এক ম্যাচ খেলেই আবার ফিরতে হবে অস্ট্রেলিয়ায়। সেখানে আগামী নয় মার্চ অ্যাডিলেডে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। সেটা খেলে আবারও দৌঁড়াতে হবে নিউজিল্যান্ডে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে সাকিব-তামিমদের হ্যামিল্টনে খেলতে হবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে।
সূত্র- প্রিয়.কম