ক্রীড়া প্রতিবেদক | ০১ মার্চ, ২০১৫
পাকিস্তানের ভাগ্য ভালো গ্রুপে তাদের তিন দূর্বল প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, আরব আমিরাত আর আয়ারল্যাণ্ড। তা না হলে ব্যস্ত হয়ে থাকতে হতো করাচীর রিটার্ণ টিকিট কনফার্ম করতে। আগের দুই ম্যাচে হারের পর ধুঁকতে থাকা পাকিস্তান দূর্বল জিম্বাবুয়ের বিপক্ষে করতে পেরেছে মাত্র ২৩৫ রান, ৭ উইকেট হারিয়ে।
রোববার ব্রিসবেনের গ্যাবায় ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। তবে মোটেও ভালো করতে পারেনি তারা। আগের হারগুলোর দগদগে ক্ষত নিয়ে ব্যাটিং করতে ভুলেই গিছে এমন অবস্থা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক মিসবাহ।
দ্বিতীয় ওভারেই নাসির জামশেদকে হারায় পাকিস্তান। টেন্ডাই চাটারার অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করতে গিয়ে সিকান্দার রাজার ক্যাচে তালুবন্দি হন জামশেদ। পরের ওভারে আবার আঘাত হানেন চাটারা। তার বলে ব্রেন্ডন টেইলের গ্লাভসবন্দি হন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। মিসবাহ-উল-হকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ফিরে যান হারিস সোহেল। সিকান্দার রাজার বলে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন সোহেল। মিসবাহর সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন উমর আকমল। উইলিয়ামসের বলে আকমল বোল্ড হলে ভাঙে ১৩.২ ওভার স্থায়ী জুটি। এক বল পর শহিদ আফ্রিদি বোল্ড হলে বিপদ আরো বাড়ে পাকিস্তানের।
জন্মদিনের আফ্রিদি আর এক বার শূণ্য রানে আউট হলেন। ওয়ানডে ক্রিকেটে এটা আফ্রিদির ৩০তম শূন্য রান। দলের যখন রানের প্রয়োজন তখনই আফ্রিদির শূন্য রানে অথবা কোন অবদান না রেখে আউট হওয়ার পর তার সামর্থের দিকে প্রশ্ন তোলেন অনেকেই কিন্তু যখনই তিনি রান পান তখন খুব কম ব্যবহার করেন বলে তার একটা সুনামও রয়েছে।
শেষ দিকে বোলার ওয়াহাব রিয়াজের ৪৮ রানের ইনিংস পাকিস্তানকে একটা সম্মানজনক স্কোর দাঁড় করাতে সাহায্য করে। জিম্বাবুয়ের চাতারা ৩, শন উইলিয়ামস ২ উইকেট এবং মোপায়া ও সিকান্দার রাজা ১ উইকেট করে নেন।
পাকিস্তান দলে একটি পরিবর্তন এসেছে। অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানের জায়গায় পেসার রাহাত আলিকে দলে নিয়েছে তারা।
জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন এসেছে। দলে এসেছেন চামু চিবাবা, সলোমন মায়ার ও টাওয়ান্ডা মুপারিওয়া। বাদ পড়েছেন রেগিস চাকাভা, টাফাডজয়া কামুনগোজি ও স্টুয়ার্ট মাটসিকেনিয়ারি।
পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে।
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে জিম্বাবুয়ে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় তারা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে জিম্বাবুয়ে।