Sylhet Today 24 PRINT

নাসিরের বান্ধবী নিয়ে কোনো কথা আমি বলিনি: পাপন

স্পোর্টস ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৬

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটার নাসিরের বান্ধবী থাকা না থাকা নিয়ে কোনো কথা বলেছি বলে আমার মনে পড়ে না।

নাসিরের ৮০টা বান্ধবী আছে- সম্প্রতি সংবাদ মাধ্যমে আপনার বরাত দিয়ে এমন খবরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বলেন, এসব সংবাদের কোনো ভিত্তি নেই।

পাপন বলেন, 'নাসিরের বিষয় নিয়ে সংবাদ আসলো কোথায় থেকে। ওই ধরনের কোনো বক্তব্য কোনো মিডিয়াতে দিয়েছি বলে আমার মনে পড়ছে না।

নাসিরকে নিয়ে এই রকম কিছু লেখা বা বলার প্রশ্নই উঠে না। আমি যেটা অফিসিয়ালি না বলি সেটা নিয়ে ছড়াছড়ি করা বাড়াবাড়ি করা ঠিক না। এটা ক্রিকেটের জন্যই ক্ষতিকর।'

ভারত-বাংলাদেশ সিরিজের কাঠামোসহ ক্রিকেটের নানা ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির সভাপতি বলেন, 'ভারতের সাথে একটা টেস্ট হওয়ার কথা আছে। আমরা আমাদের পছন্দের কথা ইডেন গার্ডেন্স বলেছি, অন্য কোথাও হতেও পারে তবে খেলা হবেই। আমরা যেহেতু ২০ বছর ধরে টেস্ট খেলতে ভারতে যায়নি। সেজন্যই এটা করা। এর বাইরে এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা হয়নি। ফাইনাল খেলা দেখতে যাচ্ছি সেখানে যদি আলাপের সুযোগ হয় তখন অন্য বিষয়ে আলাপ হবে। শ্রীলঙ্কার আসার ব্যাপারে এখনো আলাপ হয়নি।'

টিম বাংলাদেশকে বদলে দেয়ার দুই অন্যতম কারিগর কোচ হাথুরুসিংহে ও হিথ স্ট্রিকের চুক্তির বিষয়েও বোর্ড সভাপতি বলেন, বিসিবি'র নিয়ম অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করা হবে। যদি তারা চায় অবশ্যই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে। বিশেষ করে হাথুরুসিংহে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.