সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ০১ মার্চ, ২০১৫
পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২০ রানে হেরে গেছে জিম্বাবুয়ে । শেষের দিকে তাসের ঘরের মতো পরতে থাকে উইকেট।শুরুটা অবশ্য ছিল না তেমন একটা সাজানো। পঞ্চম ওভারে মোহাম্মদ ইরফানের বলে স্লিপে ধরা পড়েন চামু চিবাবা। পরের ওভারে আবারো স্লিপেই হারিসকে ক্যাচ দিয়ে বিদায় নেন সিকান্দার রাজা। ২২তম ওভারে ফিরে ইরফানের আঘাতে লন্ডভন্ড জিম্বাবুয়ের ফ্রন্ট লাইন। মাসাকাদজাকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। ব্রেন্ডন টেইলরের সঙ্গে ৫২ রানের জুটি ছিল মাসাকাদজার। অর্ধশতকে সাজঘরে ফেরেন টেইলরও। রাহাত আলির বল কাট করতে গিয়ে ব্যকওয়ার্ড পয়েন্টে আহমেদ শেহজাদের ক্যাচে পরিণত হন উইলিয়ামসন। তৃতীয় স্পেলে ফিরে আবার উইকেট নেন মোহাম্মদ ইরফান। সলোমন মায়ার ফিরে যান কামরান আকমলকে সহজ ক্যাচ দিয়ে।মিসবাহ-উল-হক ও ওয়াহাব রিয়াজের দুই মেজাজের দুই অর্ধশতকে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়ে পাকিস্তান।
রোববার ব্রিসবেনের গ্যাবায় ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৫ রান করে পাকিস্তান। শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই নাসির জামশেদকে হারায় তারা। পরের ওভারে দারুণ এক বলে আহমেদ শেহজাদকে আউট করেন চাটারা। মাত্র ৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো পাকিস্তান প্রতিরোধ গড়ে হারিস সোহেল ও মিসবাহর ব্যাটে। ১০ ওভারে ১৪ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ফিরে যান হারিস। তাকে বিদায় করে জুটি ভাঙেন রাজা। নেমেই দ্রুত রান তুলতে থাকেন উমর আকমল। মিসবাহর সঙ্গে গড়েন ৬৯ রানের ভালো একটি জুটি।
এক বল পর শহিদ আফ্রিদিকে বোল্ড করে পাকিস্তানকে বিপদে ফেলেন বাঁহাতি স্পিনার উইলিয়ামস। ৩৫তম জন্মদিনে ব্যাটিংয়ে একটা লজ্জাই পেলেন আফ্রিদি। বিশ্বকাপে প্রথমবারের মতো শূন্য রানে আউট হলেন তিনি। রানের গতি বাড়াতে শুরু থেকেই আক্রমাত্মক ব্যাটিং করা শোয়েব মাকসুদ বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ের পর ক্রিজে আসেন ওয়াহাব। অধিনায়কের সঙ্গে ৪৭ রানের এক জুটি গড়ে দলের সংগ্রহ দুইশ’ পার করেন তিনি। চাটারার তৃতীয় শিকারে পরিণত হয়ে শেষ হয় মিসবাহর ৭৩ রানের লড়াকু ইনিংসটি। অধিনায়ক ফিরে গেলেও থামেননি ওয়াহাব। শেষ ওভারে অর্ধশতকে পৌঁছানো এই ডানহাতি ব্যাটসম্যান দলকে নিয়ে যান আড়াইশ’ রানের কাছাকাছি। ৫৪ রানে অপরাজিত থাকা ওয়াহাবের ৪৬ বলের ইনিংসটি ৬টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার চাটারা।