Sylhet Today 24 PRINT

আনুশকাকে নিয়ে প্রতিবেদন, মেজাজ হারিয়ে সাংবাদিককে গালাগাল কোহলির

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৫

টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস সেশন সবে তখন শেষ হয়েছে। দলের সকলেই একে একে পারথের ড্রেসিং রুমের পথে। মাঠের ধারে তখন অপেক্ষা করছেন সাংবাদিকরা। আচমকা, এক ভারতীয় সাংবাদিককে দেখে মেজাজ হারিয়ে ফেললেন বিরাট কোহলি। ওই ক্রিকেট-লেখিয়ের দিকে তেড়ে গিয়ে প্রকাশ্যেই তাঁকে গালাগাল করতে শুরু করে দেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। বেশ কিছুক্ষণ এরকম চলার পর কোহলি ড্রেসিংরুমের ভিতর ঢুকে যান। গোটা ঘটনায় হতভম্ব হয়ে পড়েন এক ভারতীয় ইংরেজি দৈনিকে কাজ করা ওই সাংবাদিক। বুঝতে পারেননি কোহলির সতীর্থরা, পারেননি উপস্থিত অন্যান্য সাংবাদিকরাও।

কিন্তু কেন নিজ দেশের এক সাংবাদিককে দেখে আচমকা মেজাজ হারিয়ে এরকম গালাগাল করতে গেলেন কোহলি? জানা যায়, কোহলির দাবি, ওই সংশ্লিষ্ট সংবাদপত্রে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে তাঁকে ও আনুশকাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। বিরাটের মনে হয়েছে, প্রতিবেদনটি ওই সাংবাদিকের মস্তিষ্কপ্রসূত। কোহলি জানান, তাই তাঁকে দেখেই তিনি ক্ষিপ্ত হয়ে এমন ‘আগ্রাসী’ হয়ে ওঠেন।

এদিকে, কোহলির মাথা ঠান্ডা হতেই দলের তরফে জানানো হয় যে, তিনি ভুল করেছেন। কারণ, ওই সাংবাদিক প্রতিবেদনটি লেখেননি। নিজের ভুল বুঝতে পেরে পরে অন্য এক সাংবাদিককে ডেকে তাঁর মাধ্যমে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়ে বিষয়টিকে মিটমাট করে নেন। কিন্তু, বিষয়টিকে হাল্কাভাবে নেননি টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ঘটনাটি তাঁর গোচরে আসতেই তিনি কোহলির সঙ্গে আলাদা করে কথা বলেন। দলের খবর, ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা না ঘটে, তার জন্য কোহলিকে সতর্ক থাকতে বলেছেন শাস্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.