Sylhet Today 24 PRINT

আইপিএলে মুস্তাফিজ-ঝলক চলছেই

স্পোর্টস ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৬

মুস্তাফিজুর রহমান বল করছেন আর স্টাম্প ভেঙে ছত্রখান—এবারের আইপিএলে দৃশ্যটা যেন নিয়মিতই হয়ে দাঁড়িয়েছে। আগের দুই ম্যাচে আন্দ্রে রাসেল ও হার্দিক পান্ডিয়ার পর বৃহস্পতিবার স্টাম্প ভাঙলেন গুজরাট লায়নসের রবীন্দ্র জাদেজার। শেষ পর্যন্ত ৪ ওভারে দিয়েছেন ১৯ রান, উইকেট ওই একটিই । মুস্তাফিজের দল হায়দরাবাদ সানরাইজার্সও গুজরাটকে আটকে রেখেছে ১৩৫ রানে।

ইনিংসের শেষ দিকে এসে উইকেট নেওয়াটাও অভ্যাস বানিয়ে ফেলেছেন মুস্তাফিজ। ৫টি উইকেট পেয়েছেন, এর ৪টিই এসেছে শেষ দিকের ওভারে। অধিনায়ক ওয়ার্নার আগের ম্যাচগুলোর মতো বৃহস্পতিবারও মুস্তাফিজকে শেষ ৬ ওভারের জন্য রেখে দিয়েছিলেন। সে আস্থার প্রতিদান আরও একবার দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

মুস্তাফিজ উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই। ব্রেন্ডন ম্যাককালামকে বার দুয়েক বোকা বানিয়েও একটুর জন্য আউট করতে পারেননি। ওই ওভারে দিয়েছেন ২ রান। দ্বিতীয় ওভারেই একমাত্র বাউন্ডারিটা দিয়েছেন। ওই ওভারে দিয়েছেন ৯ রান। শেষ দুই ওভারে যথারীতি ব্যাটসম্যানদের কাছে দুর্বোধ্য এক ধাঁধা। যেটি পড়তে না পেরে জাদেজা বোল্ড হলেন কাটারে। নিজের শেষ ওভারে আকাশদীপ নাথের উইকেটও পেতে পারতেন। কিন্তু বলটা আকাশে তুলে দিয়েও বেঁচে গেছেন আকাশদীপ। মুস্তাফিজকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১ উইকেট নিয়েই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.