Sylhet Today 24 PRINT

বাংলাদেশের রেকর্ডগড়া জয়

অবশেষে ৬ উইকেটের অনায়াস জয় তোলে নিয়ে ইংল্যান্ডকে ভালো বার্তা দেয়া গেল ।

নিউজ ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৫

জয়ের ভিত গড়ে দেয়ার কাজ করেছেন তামিম ও রিয়াদ

সকালে ঘুম থেকে দেরিতে উঠে টিভি সেটের সামনে বসে হয়ত অনেকের চক্ষু ছনাবড়া হয়ে গিয়েছিল । দুর্বল স্কটিশরা নাকি করে ফেলেছে ৩১৮ রান!
এতবড় টার্গেট তাড়া করে জয়ের রেকর্ডই নেই বাংলাদেশের । কিন্তু তারপর?  তারপর ক্লিনিক্যাল ফিনিশের গল্প। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার গল্প।

বড় টার্গেট তাড়া করতে গিয়েই শুরুতেই আশংকার মেঘ জমেছিল এনামুল বিজয়ের আহত হয়ে হাসপাতালে যাওয়া এবং শুরুতে সৌম্য সরকারের বিদায় ।
কিন্তু সব আশঙ্কাকে দূরে সরিয়ে দেয়ার পন নিয়ে নেমেছিলেন গত কদিন দেশের মিডিয়ায় তুমুল সমালোচিত তামিম ইকবাল । যার ফলে ৬ উইকেটের অনায়াস জয় তোলে নিয়ে ইংল্যান্ডকে ভালো বার্তা দিতে পারল টাইগাররা ।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মাশরাফি । শুরুতে দুই উইকেট পড়লেও উইকেটে জমে যান স্কটিশ দুই সেরা ব্যাটসম্যান কাইল কোয়ার্টজার ম্যাথু মাচান । অন্য পাশের ব্যাটসম্যানরা আসা যাওয়া করলেও কোয়ের্টজার ১৫৬ রান করে ৩০০ পার করেন দলীয় সংগ্রহ ।

এদিন একজন স্পিনার কম নিয়ে খেলার অভাব ভালোই টের পেয়েছে বাংলাদেশ । তাসকিন ৩ উইকেট পেলেও রুবেল ও মাশরাফি ছিলেন খরুচে । শেষেমেষ অকেশনাল নাসিরকে বল দিয়ে ২ উইকেট তোলে নিয়ে রানের চাকা আরও বাড়তে দেননি ম্যাশ ।

জবাবে বিজয়ের ইনজুরিতে একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমে  ৫ রানে সৌম্য সরকার আউট হবার পর রিয়াদকে সাথে নিয়ে ১৩৯ রানের দারুণ এক জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন তামিম । রিয়াদ ৬২ রান করে আউট হবার পর মুশফিক তামিম জুটিও জমে উঠেছিল । তবে সেঞ্চুরির মাত্র ৫ রান আগে তামিম কাটা পড়লে সাকিব-মুশফিক জুটিতে জয়ের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ । মুশফিক  ৪২ বলে ৬০ রানের চমৎকার ইনিংস খেলে আউট হবার পর বাকি কাজটা করেছেন সাকিব আর সাব্বির ।
সাকিব ৪১ বলে ৫২ আর সাব্বির ৪০ বলে ৪২ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন । এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৫ । ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠে যাবে মাশরাফি বাহিনী ।

বাংলাদেশ জিতলেও ম্যাচ সেরা হয়েছেন স্কটল্যান্ডের কোয়ের্টাজার ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.