Sylhet Today 24 PRINT

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৫ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৬

প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৫ নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ।

সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি এ সুখবর জানান।

তবে বাংলাদেশের অগ্রগতির এ ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে আসে নি। এখনো এই নতুন র‍্যাঙ্কিং আইসিসি প্রকাশ করেনি। তবে আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন এ খবর।

এর ফলে ওয়ানডে র‍্যাংকিংয়ে সাত থেকে উঠে গেছে পাঁচে। বছরের একটা পর্যায়ে র‍্যাংকিংয়ের হালনাগাদ করে আইসিসি। এর মধ্যে কোনো ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই র‍্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ধাপ। ইংল্যান্ড ও শ্রীলঙ্কাও পেছনে চলে গেল বাংলাদেশের। পাকিস্তান ও জিম্বাবুয়ে আগে থেকেই পেছনে ছিল।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।

হালনাগাদ করার সময় গত এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়।

২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলছে। এর আগে অবস্থা শোচনীয়ই ছিল।

হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ থাকল র‍্যাংকিংয়ে। পাঁচে উঠে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই বড় সুখবর।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাংকিংয়ের  সবার উপরে থাকা আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.