Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশিয় সিরিজ খেলবে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৬

ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশিয় সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের অপর দল নিউজিল্যান্ড।

আগামী বছরের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে মে মাসে এ ত্রিদেশিয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
 
বুধবার ত্রিদেশিয় সিরিজ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে এই ত্রিদেশিয় সিরিজ আমাদের জন্য খুব ভালো একটি প্রস্তুতি হতে পারে।”
 
অনেক বছর ধরেই বেশি ম্যাচে খেলার দাবি জানিয়ে আসছে আয়ারল্যান্ড। এবার প্রাপ্য ম্যাচ পাওয়ার আশা জানিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেট্রম বলেন, “দুই বিশ্বকাপের মধ্যে ৯ বা ১০টি ম্যাচ খেলার চেয়ে আমাদের লক্ষ্য বছরে অন্তত ততগুলো ম্যাচ খেলা।”
 
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একাদশতম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই দলটির সঙ্গে সাত ওয়ানডে খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে। ওয়ানডেতে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.