Sylhet Today 24 PRINT

বিজয়ের আনন্দে কাঁদলেন মাহি উদ্দিন আহমেদ সেলিম

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৬

জয়ের আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না কেউই।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সালাউদ্দিন সমর্থিত সম্মিলিত প্যানেলের হয়ে সদস্য পদে জয়লাভের পর অঝোরে কাঁদলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিমও। এসময় আনন্দ অশ্রু ঝরেছে কাজী সালাউদ্দিনসহ বিজয়ী প্যানেলের অনেকের চোখ দিয়েই।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কান্নাভেজা কণ্ঠে মাহি উদ্দিন আহমেদ সেলিম জানান, 'আপনাদের সকলের সহযোগিতায় আমি জয়লাভ করেছি। দোয়া করবেন যেনো আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি'।

সিলেট থেকে এবারই প্রথম বাফুফে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের এই ক্রীড়া সংগঠক। এ অঞ্চলের ফুটবলের উন্নয়নে সাধ্যমত কাজ করে যাবেন বলেও জানান তিনি।

সন্ধ্যায় বাফুফে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

রাজধানীর হোটেল র‌্যাডিসনে শনিবারের (৩০ এপ্রিল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী কামরুল আশরাফ খানকে হারান সালাউদ্দিন। ১৩৪টি ভোটের মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৮৩টি, আশরাফের বাক্সে পড়েছে ৫০ ভোট। বাতিলও হয় একটি ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.