Sylhet Today 24 PRINT

টেস্ট র‌্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ০৩ মে, ২০১৬

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের অবস্থান পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমেছে বাংলাদেশের।

বার্ষিক হালনাগাদের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান কমে হয়েছে ৮ রেটিং পয়েন্ট।

বার্ষিক হালনাগাদের পর মঙ্গলবার (৩ মে) নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এই হালনাগাদে ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ শতাংশ, আর ২০১৫-১৬ মৌসুমের শতভাগ।

হালনাগাদের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্ট। ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ, ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। হালনাগাদের পর অবস্থান ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হয়েছে ৬৫, বাংলাদেশের বেড়ে হয়েছে ৫৭।

হালনাগাদের পর শীর্ষস্থান আরও সংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের সঙ্গে ব্যবধান আগে ছিল ২ পয়েন্ট, সেটি বেড়ে হয়েছে ৬ পয়েন্ট।

ভারতের ঘাড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। চার থেকে তিনে উঠে এসেছে তারা, ভারতের থেকে পিছিয়ে মাত্র ১ পয়েন্ট।

তবে হালনাগাদে দক্ষিণ আফ্রিকা নেমে গেছে ছয় নম্বরে। র‌্যাঙ্কিংয়ে কমেছে তাদের ১৭ পয়েন্ট!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.