Sylhet Today 24 PRINT

বাড়তি স্পিনার নিয়ে ইংল্যান্ড বধের ছক

টিভি সেটের সামনে কোটি কোটি বাংলাদেশী সমর্থক জয়ের প্রত্যাশা করেই খেলা দেখতে বসবেন । শেষ পর্যন্ত কি হয় তা জানা যাবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই ।

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৫

২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও বাংলাদেশ । সেবার নাটকীয় ম্যাচে ইংলিশদের ২ উইকেটে হারিয়েছিলো সাকিব আল হাসানের দল । ৪ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি দুদল ।এবারও একই গ্রুপে পড়লেও প্রেক্ষপট অবশ্য কিছুটা ভিন্ন ।

বাংলাদেশের সামনে যেখানে কোয়ার্টার ফাইনালে উঠার হাতছানি , সেখানে টানা হারে ইংলিশরা শুনছে বিদায়ী সুর । চট্টগ্রামের স্পিন নির্ভর পিচের সাথে এডেইলেডের পিচের তফাৎ আছে স্পষ্ট । কিন্তু বাংলাদেশের শক্তি যেখানে স্পিন , ইংলিশদের দুর্বলতাও যেখানে স্পিন । কাজেই আলোচনায় আবারও বাংলাদেশের স্পিন ।

এবারের বিশ্বকাপে এখনোও পর্যন্ত সাকিবের সাথে আর কোন বাঁহাতি বোলার হাত ঘুরানোর সুযোগ পাননি । তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আরাফাত সানির খেলা অনেকটাই নিশ্চিত । এনামুল হক বিজয় ইনজুরিতে পড়ায় তিনি থাকছেন না একাদশে । তাঁর বদলেই দলে ঢুকবেন সানি । আপাতত এই একটি পরিবর্তনের কথাই শোনা গেছে টিম ম্যানেজম্যান্টের নির্ভরযোগ্য সূত্রে । সেক্ষেত্রে তামিমের সাথে ওপেনিং করতে নামবেন সৌম্য সরকার ।

বাংলাদেশের বিপক্ষে বাঁচা মরার লড়াইতে নামার আগে ইংলিশরাও বাড়তি স্পিনার খেলানোর কথা ভাবছে । আউট অফ ফর্ম স্টুয়ার্ড ব্রডের জায়গা একাদশে দেখা যেতে পারে জেমস ট্রেডওয়েলকে ।

কোয়ার্টারে উঠার মহারণের আগে দুদলের অধিনায়ক-ই অবশ্যই একে অপরকে সমীহ করে শোনালেন জয়ের প্রত্যয়ের কথা । ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন- ' বাংলাদেশ যথেষ্ট ভালো দল , তাঁদের হারানো কঠিন হলেও জয়ের ব্যাপারে আমাদের দলের সবাই আত্মবিশ্বাসী' ।  বাংলাদেশ কাপ্তান মাশরাফি মুর্তজা অবশ্য বললেন- ' আমরা চাপমুক্ত হয়ে নিজেদের খেলাটা খেলব , সেরাটা দিতে মুখিয়ে আছে দলের সবাই , ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি হলেও তাঁদের হারিয়েই আমরা শেষ আটে যেতে চাই '

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরে অবশ্য বাংলাদেশের আনাচে কানাচে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা । এই ম্যাচ জিতলেই টাইগাররা পা রাখবে শেষ আটে । এটা জেনেই সবাই জয়ের প্রত্যাশা করছেন ।

অস্ট্রেলিয়ার এডিলেডে অনেক বাংলাদেশীর বাস । সিডনি, মেলবোর্ন থেকেও প্রবাসী বাংলাদেশীরা ইতিমধ্যে টাইগারদের সাপোর্ট দিতে এডিইলেডে পৌঁছেছেন । টিভি সেটের সামনে কোটি কোটি বাংলাদেশী সমর্থক জয়ের প্রত্যাশা করেই খেলা দেখতে বসবেন । শেষ পর্যন্ত কি হয় তা জানা যাবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই ।

   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.