Sylhet Today 24 PRINT

দেশবাসীকে বিজয় মিছিলের আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠায়  মঙ্গলবার সারাদেশে বিজয় মিছিল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে ইংল্যান্ডকে হারানোর পর প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বলে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
মাহমুদুল্লাহ রিয়াদের শতক ও রুবেল হোসেনের ৪ উইকেটে ভর করে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ।
জয়ের পরপরই প্রধানমন্ত্রী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক অর্জনকারী রিয়াদকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।   
এদিকে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় বিজয় মিছিলের কর্মসূচি দিয়ে হরতাল শিথিলের ঘোষণা দিয়েছে সরকাবিরোধী আন্দোলনে থাকা বিএনপি।
যে কয়টি ঘটনা বাংলাদেশের গৌরব বিশ্বসভায় তুলে ধরেছে, তার অধিকাংশেরই উপলক্ষ ক্রিকেট। তা এবার তা দেশের রাজনৈতিক কর্মসূচিতেও প্রভাব ফেলল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.