নিউজ ডেস্ক | ০৯ মার্চ, ২০১৫
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে আজ বাংলাদেশ মাত্র ১৫ রানে ইংল্যান্ডকে হারালেও সত্যিকারের ব্যবধানটা হচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ড ও কোয়ার্টার ফাইনালের। অঘটন নয়, রুদ্ধশ্বাস ম্যাচটি বাংলাদেশ যোগ্যতর দল হিসেবেই জিতে নেয়। ম্যাচ শেষে সাবেক ক্রিকেট কিংবদন্তীরা অভিনন্দন জানিয়েছেন টাইগারদের, সেই সাথে সমালোচনা করেছেন ইংলিশদের।
'অনুগ্রহ করে ইংলিশদের সুন্দর করে বিদায় দিন। বাংলাদেশ আসলেই দুর্দান্ত।'বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ শেষে নিজের টুইটার বার্তায় এমনটিই লিখেছেন ক্রিকেটের বরপুত্র, সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা।
ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের কিংবদন্তি বোলার ইয়ান বিশপের কণ্ঠে শুধু বাংলাদেশের প্রশংসা। টুইটার মন্তব্যে তিনি বলেন,'বাংলাদেশকে অভিনন্দন। পরিপক্ব ক্রিকেট এটি। রুবেল দেখিয়েছে শেষের দিকে কীভাবে বল করতে হয়। ১৯ বছর বয়সী তাসকিন আহমেদকেও অভিনন্দন।'
সাবেক অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্ন ইংল্যান্ড দল নির্বাচন এবং খেলোয়াড়দের সমালোচনা করেছেন। তার টুইট- 'ইংল্যান্ড ভুল দল নিয়ে ভুল স্টাইলে খেলেছে। আজকের পারফরম্যান্স শক খাওয়ার মতো কিছু না। মরগানের কথা ভাবছি, কোচও সমস্যায় আছেন।'
সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম যোগ্য দল বাংলাদেশকে দিয়েছেন প্রাপ্য মর্যাদা। প্রকাশ করেছেন ইংলিশ নির্বাচকদের প্রতি তার হতাশাও। টুইটারে তিনি লিখেছেন 'বাংলাদেশ ভালো খেলেছে। ইংল্যান্ডের জন্য বেদনা। নির্বাচকরা আর কবে ওয়ানডে খেলার মতো একটা দল তৈরি করতে পারবেন? সময় এসেছে পরিবর্তনের।'
বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ!! যেন বিশ্বাসই করতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। উত্তসূরীদের হারের পর তিনি লিখেছেন, 'আমি এটা বিশ্বাস করতে পারছি না। একদমই পারছি না। বাংলাদেশ ভালো খেলেছে। জয়টা তাদের প্রাপ্য।'