Sylhet Today 24 PRINT

রুবেল ইস্যুতে মুখ খুললেন লোটাস কামাল

স্পোর্টস ডেস্ক |  ১১ মার্চ, ২০১৫

অবশেষে রুবেল হোসেন ও চিত্রনায়িকা হ্যাপি’র মামলা ইস্যুতে মুখ খুললেন আইসিসি সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল। দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রুবেলের জন্যে আইনি লড়াই লড়েছেন এবং বিশ্বকাপে পাঠিয়েছেন।

মঙ্গলবার শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায়ও টাইগারদের বিজয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে আইসিসি সভাপতি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের দিক-নির্দেশনায় আইনি লড়াই করেই তাকে বিশ্বকাপে পাঠাতে আমরা সক্ষম হয়েছি এবং রুবেল দেশের জন্য বিরাট অর্জন বয়ে এনেছেন।

তিনি বলেন, আমরা এর আগেও ইংল্যান্ডকে হারিয়েছি। এবারও হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলাম। এই জয়ে দেশবাসী আনন্দে কেঁদেছে। আমার পরিবারের সবাইও আনন্দে কেঁদেছে। টাইগাররা আমাদের জাতিকে অনেক বড় স্থানে নিয়ে গেছেন।

খেলার প্রতি প্রধানমন্ত্রী অনেক সিরিয়াস উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী সব ধরনের খেলা মন-প্রাণ দিয়ে ভালোবাসেন। শুধু প্রধানমন্ত্রী নয়, অর্থমন্ত্রীও ক্রিকেট খেলা মন-প্রাণ দিয়ে ভালোবাসেন। শেখ হাসিনার ১৯৯৬- শাসনামলে আমরা টেস্ট মর্যাদা পেয়েছি। এবার মেয়েরাও টেস্ট মর্যাদা পেয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.