Sylhet Today 24 PRINT

বিসিবির চাকরি ছাড়ছেন ফিল্ডিং কোচ হ্যালসল

স্পোর্টস ডেস্ক |  ২৮ মে, ২০১৬

পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি থেকে অব্যাহতি দিতে যাচ্ছেন দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলও।

স্ট্রিকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়ার দুই দিনের মধ্যে এই খবর পাওয়া গেল। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানান নি তিনি। তবে একটি সূত্র থেকে এমনটিই জানা গেছে।

রিচার্ড হ্যালসলের দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছুই জানেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। লোক মুখে তিনিও এ বিষয়টি শুনেছেন। বলেন, ‘হ্যালসলের বিষয়টি আমি শুনেছি, তিনি দায়িত্ব ছাড়তে পারেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানাননি।’

বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল যদি বাংলাদেশের দায়িত্ব ছাড়েন, সেক্ষেত্রে দ্রুতই নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করবে বিসিবি। এ বিষয়ে আকরাম খান, ‘যদি তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আমাদেরকে নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করতে হবে।’

ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়ার পর ২০১৪ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব বুঝে নেন রিচার্ড হ্যালসল। বিসিবির সঙ্গে তার দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে এ বছরের জুন মাসে । বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইংল্যান্ডে অবস্থান করা রিচার্ড হ্যালসল তার সিদ্ধান্ত  প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাধ্যমে জানিয়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.