Sylhet Today 24 PRINT

স্পেনে লিওনেল মেসির বিচার শুরু

অনলাইন প্রতিবেদক |  ৩১ মে, ২০১৬

বার্সেলোনা ও আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বিরুদ্ধে স্পেনে ৪৭ লাখ ডলার কর ফাঁকির এক মামলায় বিচার শুরু হয়েছে। কর ফাঁকির মামলায় মেসি ও তার বাবার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন স্পেনের কর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মে) ২৮ বছর বয়সী মেসির অনুপস্থিতিতে শুরু হওয়া বিচারকার্য তিন কার্যদিবস চলতে পারে। বৃহস্পতিবার মেসি সশরীরে আদালতে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর এএফপি ও বিবিসির

এ মামলায় মেসির বাবা হোর্হে হোরাসিও মেসিকেও আসামি করা হয়েছে। তবে চোটের কারণে মেসি না আসতে পারলেও আদালতে উপস্থিত ছিলেন তিনি। মেসির বাবাই তার সব আর্থিক লেনদেন দেখাশোনা করেন।

মেসির পক্ষের আইনজীবী আদালতের কাজের শুরুতে জানান, গত ২৮ মে হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচে পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

কোপা আমেরিকার আসর বসছে দুই দিন পর। আগামী ৬ জুন আসরে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর সান্তা ক্লারা লেবির স্টেডিয়ামে হবে ম্যাচটি।

অভিযোগে বলা হয়েছে, ২০০৭-০৯ সালের মধ্যে দুজন মিলে বেলিজ ও উরুগুয়েতে কয়েকটি ভুয়া কোম্পানির নামে মেসির আয়ের কিছু অংশ পাচার করে ৪১ লাখ ৬০ হাজার ইউরো (৪৭ লাখ ডলার) কর ফাঁকি দিয়েছেন। ডানোন, এডিডাস, পেপসি, প্রকটর অ্যান্ড গ্যাম্বেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের স্পন্সরশীপ থেকে আয়ের বেশ কিছু অংশ তারা পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ মামলায় দোষী সাব্যস্ত হলে মেসি ও তার বাবার জন্য সাড়ে ২২ মাস কারাদণ্ড ও পাচার করা অর্থের সমপরিমাণ জরিমানা চেয়েছেন স্পেনের প্রসিকিউটররা।

তবে স্পেনের আইন অনুযায়ী, সাধারণত প্রথমবার কোনো অপরাধে দুই বছরেরও কম সময়ের সাজা হলে ওই ব্যক্তিকে স্থগিত কারাদণ্ড দেয়া হয়।

অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন পাঁচবার বিশ্বের সেরা ফুটবলারের খেতাব জেতা বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী খেলোয়াড়দের অন্যতম লিওনেল মেসি।

মেসির আইনজীবী বলেছেন, মেসি তার জীবনে কখনও এসব আর্থিক চুক্তি নিয়ে মাথা ঘামাননি। কিন্তু গত বছর বার্সেলোনার এক আদালত এই যুক্তি প্রত্যাখ্যান করে এ মামলায় বিচার শুরুর নির্দেশ দেয়।

কর ফাঁকির মামলা এড়াতে মেসি ও তার বাবা ২০১৩ সালে নিজেরা উদ্যোগী হয়ে ৫০ লাখ ইউরো বাড়তি কর দিয়েছিলেন। কিন্তু তাতেও মামলা তোলেনি স্পেনের কর কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.