স্পোর্টস ডেস্ক | ০১ জুন, ২০১৬
জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আরও সতর্ক হয়ে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মুস্তাফিজের খেলার গোপন কৌশলগুলো যাতে কেউ জানতে না পারে, সে জন্য তাঁকে সাবধান থাকতে হবে। বেশি খেললে বা ওভার এক্সপোজড হয়ে গেলে, তাঁর গোপন কৌশল অন্যরা জেনে যাবে। এতে তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার ইনজুরিতে পড়ার আশঙ্কাও থাকতে পারে।’
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এ ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।
মুস্তফা কামাল জানান, প্রধানমন্ত্রী বলেছেন মাশরাফিকে নিয়ে আমাদের ভয় ছিল। অনেক বার ইনজুরিতে পড়েছিলেন। এ কারণে তাঁর খেলায় ব্যাঘাত ঘটেছিল। পরিকল্পনামন্ত্রী বলেন, মুস্তাফিজকে নিয়ে প্রধানমন্ত্রী গর্বিত, তাঁকে শুভকামনাও জানিয়েছেন।
নিজ গুণেই মুস্তাফিজ অনেক দূর এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করে মুস্তফা কামাল বলেন, ‘পরবর্তী সময়ে মুস্তাফিজ আরও ওপরে উঠে যাবেন এবং তাঁর নিজের করণীয় কী, নিজেই সেটা বুঝবেন।’