বড়লেখা প্রতিনিধি | ০১ জুন, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে-১৬ইং এর ফাইনাল খেলা মঙ্গলবার (৩১ মে) বিকেলে পৌর শহরের যুবক সংঘ মাঠে সম্পন্ন হয়েছে।
ছেলে গ্রুপের ফাইনাল খেলায় ট্রাইবেকারে পাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলের ব্যবধানে কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
মেয়ে গ্রুপের ফাইনাল খেলায় ট্রাইবেকারে বিএসসি কেচরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার আইলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় শিক্ষক নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ. কামরান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক লিটন শরীফ, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হতে ট্রফি তুলে দেন।