সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১২ মার্চ, ২০১৫
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার অনুষ্ঠেয় ম্যাচ ভেন্যু হ্যামিলটনে সকালে বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির চোখ রাঙানিতে ম্যাচ ভেসে যাবে কী-না এ নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ভেন্যু কর্মকর্তাদের। তবে স্বস্তির বাণি শুনিয়েছে হ্যামিলটনের আবহাওয়া দপ্তর, তারা জানিয়েছে বৃহস্পতিবার বিকাল থেকে আবহাওয়া ভাল হতে শুরু করবে।
ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মতো কোন বল গড়ানোর আগেই পরিত্যক্ত করতে হবে না হয়ত; আশঙ্কা নেই পয়েন্ট ভাগাভাগির। যদিও দুই দলের কাছেই ম্যাচ থেকে প্রাপ্ত এক পয়েন্টের গুরুত্ব হারিয়েছে আগেই কারণ দু'দল ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ডের গ্রুপ পর্যায়ের এটাই শেষ ম্যাচ। এর আগে নিউজিল্যান্ড তাদের খেলা পাঁচ ম্যাচের সবক'টি ম্যাচ জিতেছে এবং বাংলাদেশের তিন জয়ের বিপরিতে ছিল এক পরাজয়। এছাড়াও অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
হ্যামিলটনের আকাশ যখন বৃষ্টি ঝরাচ্ছে তখন আউটডোরে অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশ ও নিউজিল্যান্ড কোন দলেরই। দু'দলই অপেক্ষায় আছে কখন বৃষ্টি থামবে এবং উভয়ই খেলতে চাচ্ছে ম্যাচটি কারণ কোয়ার্টার ফাইনালের আগে ডাগআউটের শক্তি বিচার করার সুযোগ আছে সেখানে।
বৃষ্টি থেমে যাওয়ার পর যদি ম্যাচ অনুষ্ঠিত হয় তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির এ ম্যাচে বিশ্রামে থাকার সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে সাকিব আল হাসানই অধিনায়কত্ব করবেন।