Sylhet Today 24 PRINT

ইনজুরিতে কোপার স্বপ্ন ধূলিসাৎ কাকার

স্পোর্টস ডেস্ক |  ০২ জুন, ২০১৬

বেশ অনেকদিন পর কার্লোস দুঙ্গার ডাকে ফিরেছিলেন তিনি। প্রিয় হলুদ-নীল জার্সিতে খেলছিলেনও ভালই। একসময়ের সুপারস্টার কাকা স্বপ্ন দেখেছিলেন কোপায় দারুণ কিছু করেই আবার আলোয় আসতে। তবে তাঁর সেই স্বপ্ন কেড়ে নিল ইনজুরি।

কোপা শুরুর আগে বড় একটা ধাক্কা খেল ব্রাজিল শিবিরও। ইনজুরির কারণে এবার থেকে বাদ পড়লেন দলের তারকা মিডফিল্ডার কাকা।

ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শুরুর স্কোয়াডে ছিলেন না কাকা। কিন্তু দগলাস কস্তা ইনজুরিতে ছিটকে গেলে ডাক পান তিনি। কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

২০১২ সালে বসনিয়া  হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

উল্লেখ্য, আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.