স্পোর্টস ডেস্ক | ১৬ জুন, ২০১৬
আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে আয়োজক ফ্রান্স। এ জয়ে 'এ' গ্রুপ থেকে সবার আগে ইউরো-২০১৬'র শেষ ষোল নিশ্চিত করল তারা।
খেলার একেবারে শেষ মুহূর্তে গোল দুটি করেছেন অ্যান্থনি গ্রিজম্যান ও দিমিত্রি পাইয়েত।
মার্সেইয়ের স্তাদে ভেলোদ্রোমে প্রথমার্ধে কোনো দলই তেমন ধারালো আক্রমণ করতে পারেনি। ফ্রান্স ছিল সবচেয়ে এলোমেলো। এজন্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারির দুয়ো পর্যন্ত শুনেন 'লা ব্লুজরা'।
দ্বিতীয়ার্ধে অবশ্য স্বরূপে দেখা দেয় ফ্রান্স। ৪৭ মিনিটে অলিভার জিরুদের ক্রস আলবেনিয়া ডিফেন্সকে ফাঁকি দিলেও জালে পাঠাতে ব্যর্থ হন কিংসলে কোম্যান।
এরপর ৫৩ মিনিটে পাল্টা আক্রমণে আলবেনিয়াও দারুণ সুযোগ পেয়েছিল। এরমির লেনইয়ানি জোরাল শট গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করলেও সাইডবারে লেগে ফিরে আসে।
এরপর ফ্রান্স আরও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। দিমিত্রি পাইয়েতের পাস থেকে সুবিধাজনক অবস্থানে থেকেও গোল করতে পারেননি পল পগবা।
এরপর কোম্যানের ক্রস থেকে বক্সের ভেতর থাকা জিরুদের হেড চলে গেছে বাইরে। ৬৭ মিনিটে জিরুদ আবার হতাশ করেছেন দলকে। প্যাত্রিস এভ্রার ক্রস থেকে তার হেড ফিরে এসেছে সাইডবারে লেগে।
অবশেষে ৯০ মিনিটে ফরাসীদের এগিয়ে দেন বদলি হিসেবে নামা অ্যান্থনি গ্রিজম্যান। আদিল রামির ক্রস তার মাথা ছুঁইয়ে জালে জড়ায়। আর শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে আলবেনিয়ার কপালে শেষ পেরেকে ঠুকে দেন দিমিত্রি পাইয়েত।
'এ' গ্রুপের আগের ম্যাচে রোমানিয়া ও সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে। ১৮ মিনিটে বোগদান স্তাংকুর সফল পেনাল্টি রোমানিয়ানদের এগিয়ে দিলেও ৫৭ মিনিটে সুইসদের সমতায় ফিরিয়েছেন আদমির মেহমেদি।
ফলে এই গ্রুপে প্রত্যেক দলের দুটো করে ম্যাচশেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট চার।
এক পয়েন্ট নিয়ে রোমানিয়ার অবস্থান তৃতীয়। দুই ম্যাচেই হেরে যাওয়া আলবেনিয়া পড়ে আছে সবার নিচে।