Sylhet Today 24 PRINT

ব্রাজিলের নতুন কোচ তিতে

স্পোর্টস ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

কোপা আমেরিকায় ব্যর্থতার দায়ে চাকরি গিয়েছে কার্লোস দুঙ্গার। তাঁর জায়গায় তিতেকে ব্রাজিলের নতুন কোচ করা হয়েছে।

করিন্থিয়ান্সের প্রেসিডেন্ট রোবার্তো ডি আন্দ্রেদে বুধবার বলেছেন, করিন্থিয়ান্সের দায়িত্ব ছেড়ে তিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন।

তিনি আরও বলেন, কোপা আমেরিকার ব্যর্থতা কাটিয়ে তিতে ব্রাজিল দলকে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম হবেন।

৫৫ বছর বয়সী এই কোচ ফ্লুমিনেসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে করিন্থিয়ান্সের ডাগআউটে থাকবেন না বলেও জানিয়েছেন করিন্থিয়ান্সের সভাপতি।

অবশ্য ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এখনও ানুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

১৯৮৭ সালের পর এবারই প্রথম ল্যাটিন আমেরিকার সেরা প্রতিযোগিতা কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ব্রাজিল। এ ব্যর্থতা পরই দেশটির ফুটবল ফেডারেশন সিবিএফ গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে। ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দুঙ্গাকে ২০১৪ সালে ফের ব্রাজিলের কোচ করা হয়েছিল।

তারপর থেকেই করিন্থিয়ান্সকে সাফল্য এনে দেয়া তিতের ব্রাজিল দলের কোচ হওয়ার জোর সম্ভাবনা শোনা যাচ্ছিলো। মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও দি জেনেরিওতে যান তিতে।

তিন ঘণ্টার আলোচনা শেষে মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি জানান, প্রথম আলোচনা ফলপ্রসু, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।

সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.