Sylhet Today 24 PRINT

এই মুহুর্তে তিতেই যোগ্য : পেলে

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ব্রাজিল। ২৯ বছর পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা। কোপায় সেলেকাওদের ভরাডুবিতে পুরো কোচিং স্টাফকে পরিবর্তন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই ছাঁটাইয়ের দলে আছেন প্রধান কোচ কার্লোস দুঙ্গাও। 

বৃহস্পতিবার ব্রাজিলের কোচ হিসেবে দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। সেলেকাওদের নতুন এই কোচকে নিয়ে রোমাঞ্চিত পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি জানালেন, এই মুহূর্তে ব্রাজিলের কোচ হিসেবে তিতেই যোগ্য ব্যক্তি। 

বৃহস্পতিবার সান্তোসে নিজের নামে জাদুঘর দেখতে যান পেলে। সেখানে ব্রাজিলের নতুন কোচ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সে (তিতে) নির্ভরযোগ্য। এই মুহূর্তে জাতীয় দলের জন্য সেই যোগ্য কোচ।’

তবে কোপা আমেরিকায় ব্যর্থতার জন্য এককভাবে দুঙ্গার সমালোচনায় বিরক্ত পেলে। বলেন, ‘আমি মনে করি, দুঙ্গার সমালোচনা করা ঠিক নয়। তাকে দোষারোপ করা হচ্ছে। জাতীয় দল এখন বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত নয়। প্রতিযোগিতায় ভালো করতে হলে দলে আরো পরিবর্তন আনতে হবে।’ 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.