স্পোর্টস ডেস্ক | ২১ জুন, ২০১৬
রাশিয়াকে উড়িয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের ওয়েলস।
সোমবার রাতের এই জয়ে ওয়েলস ইউরো চ্যাম্পিয়নশিপের 'বি' গ্রুপের সেরা হিসেবে দ্বিতীয়পর্বে উঠে গেছে।
একই গ্রুপ থেকে দ্বিতীয়পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ওয়েলসের জয়ের দিনে তারা স্লোভাকিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
প্রথমবার ইউরোয় খেলতে এসেই নকআউট পর্বে উঠল ওয়েলস। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে তারা ব্যবধান ২-০ করে ফেলে।
১১ মিনিটে পেনাল্টি এরিয়ায় জো অ্যালেনের থ্রু ধরে দারুণ ক্ষিপ্রতায় জালেন জড়ান আর্সেনালের মিডফিল্ডার তুলুজে অ্যারন রামজি।
রাশিয়া শুরুর ধাক্কা বুঝে উঠার আগেই ২০ মিনিটে ব্যবধান বাড়ান নেইল টেইলর। এক পাল্টা আক্রমণ থেকে গ্যারেথ বেল বল বাড়ান বামপ্রান্তে থাকা টেইলরের দিকে। সেটি ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে দলের হয়ে প্রথম গোল করেন তিনি।
প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়েলস। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে রাশিয়ার কপালে শেষ পেরেক ঠুকে দেন গ্যারেথ বেল। অ্যারন রামজির পাস ধরে তিনি ওয়েলসকে ঐতিহাসিক মুহূর্ত উপহার দেন।
গ্রুপের অন্য ম্যাচে অধিনায়ক ওয়েইন রুনিসহ নিয়মিত একাদশের ছয়জনকে ছাড়াই স্লোভাকিয়ার বিপক্ষে খেলতে নামে ইংল্যান্ড। তারই মাশুল দিল শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে।
তবে ম্যাচে রয় হজসনের শিষ্যরা বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারেনি।
৫ মিনিটে ডিফেন্ডার নাথানিয়েল ক্লাইনের ক্রসে ডি-বক্সে পেয়েও ক্রসবারের উপর দিয়ে মারেন জেমি ভার্ডি। এরপর ১৭ মিনিটে তিনিই স্লোভাকিয়ার গোলরক্ষকের হাতে বল তুলে সহজ সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। এরই অংশ হিসেবে ৫৬ মিনিটে দলের সেরা অস্ত্র রুনিকে মাঠে নামান হজসন। কিন্তু তিনিও দলকে সাফল্য এনে দিতে পারেননি।
এ ড্রয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল ইংল্যান্ড। শীর্ষস্থান নিশ্চিত করা ওয়েলসের পয়েন্ট ৬।
আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল স্লোভাকিয়া। ছিটকে পড়া রাশিয়ার পয়েন্ট ১।
ইউরোর ছয়টি গ্রুপের সেরা দু'টি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।