Sylhet Today 24 PRINT

আগামী বিশ্বকাপে খেলবে না ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০১৬

বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়ে থাকায় ব্রাজিলের হয়তো খেলা হবে না ২০১৮ বিশ্বকাপ! এমন আশংকার কথাই জানালেন খোদ ব্রাজিলের নবনিযুক্ত কোচ তিতে।

কোপা আমেরিকার প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় কোচের চাকরি হারিয়েছেন দুঙ্গা। মাত্রই তাঁর জায়গায় ব্রাজিলের দ্বায়িত্ব নিয়েছেন তিতে।

দায়িত্বে এসেই তিতে জানালেন, 'আমাদের মনোযোগ বিশ্বকাপের বাছাই পর্বে। আমরা নিরাপদ জায়গায় নেই। বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে ব্রাজিল।'

তিতের আশংকা সত্যি হলে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপে খেলা ব্রাজিলকে ২০১৮ সালের বিশ্বকাপে আর দেখা যাবে না!

বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচে ২ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে চারের মধ্যে থাকতেই হবে ব্রাজিলকে। আপাতত বেশ বিপদেই আছে ব্রাজিল।

তিতে বলেন, 'ব্রাজিলের খারাপ অবস্থার কথা যদি আপনি স্বীকার না করেন, তাহলে বাস্তবতার বিরুদ্ধে আপনি লড়াই করছেন।'

তবে কিছুটা আশার কথাও শুনিয়েছেন তিতে। সব ব্যর্থতা ভুলে অধিনায়ক নেইমারের নেতৃত্বে দলকে একটি ভালো অবস্থানে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান তিনি।  

কোচ বলেন, 'বিশ্বকাপ বাছাই পর্ব অনেক লম্বা একটা রেস। আরও ১২ ম্যাচ বাকি। আগের ম্যাচগুলোতে দুর্ভাগ্যজনকভাবে ফল আসছিল না, এ জন্যই আমি দায়িত্বে এসেছি। দল হিসেবে বেড়ে ওঠা আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা আমাদের আছে। আমি চাই ব্রাজিল জিতুক আর ভালো খেলুক।'

তিতে আরও বলেন, 'এই দল তিতের মতো ফুটবল খেলবে না, এই দলকে খেলতে হবে ব্রাজিলের মতো ফুটবল।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.