Sylhet Today 24 PRINT

ইনজুরি মুক্ত ডি মারিয়া, ফাইনালে ফিরছেন

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

ফাইনালের আগের দারুণ একটি খবর পেয়েছেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা।  ইনজুরি কাটিয়ে চিলির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

কোচ জেরার্ডো মার্টিনো ডি মারিয়ার ফেরার খবর নিশ্চিত করেছন।

আগামী সোমবার (২৭ জুন) টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে চিলি-আর্জেন্টিনা। নিউ জার্সিতে বাংলাদেশ সময় সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

গত বছর আর্জেন্টাইনদের কাঁদিয়ে শিরোপা উল্লাস করেছিলেন আলেক্সিস সানচেজরা। শতবর্ষী আসরে মেসি-হিগুয়েইনদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার হাতছানি!

পানামার বিপক্ষে (১০ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধেই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ডি মারিয়া। এরপর থেকেই তিনি দলের বাইরে। প্রথমে তো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিল।

কিন্তু সেমিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডি মারিয়াকে স্কোয়াডে রেখে তার খেলার সামর্থ্যের জানান দেন মার্টিনো। তবে দলের অন্যতম সেরা অস্ত্রকে মাঠে না নামিয়ে বিশ্রামে রাখেন আলবিসেলেস্তেদের কোচ।

এক সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘শারীরিক দিক থেকে গাইতানের চেয়ে ভালো অবস্থানে ডি মারিয়া।  সে সেমিফাইনালে খেলার জন্য প্রস্তুত ছিল। গাইতান এখনো পুরোপুরি ফিট নয় এবং আমি জানি না সে ফাইনালের আগে সুস্থ হতে পারবে কিনা।’ প্রসঙ্গত, ভেনেজুয়েলার বিপক্ষে (৪-১) কোয়ার্টার ফাইনালে ইনজুরি আক্রান্ত হন অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস গাইতান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.