Sylhet Today 24 PRINT

মেসি যেন আবার ফিরে আসেন : ব্রাজিল কোচ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

মেসির জন্য সহানুভূতির হাত বাড়িয়েছে শত্রুপক্ষও। ব্রাজিলের নতুন কোচ টিটেও চাইছেন মেসি যেন আবার ফিরে আসেন। তবে পেনাল্টি শুট আউট পদ্ধতির সমালোচনা করেছেন তিনি। এটিকে ‘অমানবিক’ বলেও ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান কোচ।

‘পেনাল্টি শুটআউট সব সময়ই ‘নির্দয়’ হয় এমনটা বলেছেন তিনি। তিনি বলেন, মেসির জন্য খারাপ লাগছে। আমার মতে টাইব্রেকার দিয়ে ফুটবল ম্যাচের শেষ হতে পারে না। আমাদের অন্য কোনো পদ্ধতি ভাবা উচিত। তবে কি সেই পদ্ধতি তা অবশ্য জানেন না তিনি। তিনি জানান, অবশ্যই এই ‘নির্দয়’ পদ্ধতির পরিবর্তন করা দরকার।

ব্রাজিলের নতুন এই কোচ আরো বলেন, ‘টাইব্রেকারে শট নিতে দক্ষতা ও মানসিক শক্তি দুটোই থাকতে হয়। তবুও পেনাল্টি মিস হতে পারে। টাইব্রেকার মিস করায় মেসিকে অপরাধী ভাবা হচ্ছে। এটা মোটেও ঠিক নয়। যে কারো ক্ষেত্রেই এমনটা হতে পারে।

ভালো খেলেও শেষে ট্রাইব্রেকারের ফাঁড়ায় পড়ে বিদায় নিয়েছে অনেক দল। সম্প্রতি এর জলজ্যান্ত উদাহরণ আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে চিলির চেয়ে বেশি আক্রমণ করেও টাইব্রেকারে হার মানতে হয়েছে মেসির দলকে। আর এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন মেসি।

তবে মেসির এই বিদায়কে ভালোভাবে স্বাগত জানায় নি কেউই। মেসিভক্তরা চাইছে মেসি যেন অবসরের ঘোষণা ভেঙে আবার ফিরে আসে। দেশটির প্রেসিডেন্ট মেসিকে অনুরোধ জানিয়েছেন আবার দেশের হয়ে খেলার জন্য ও কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনাও খুব করে চাইছেন মেসি যেন আবার ফিরে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.