Sylhet Today 24 PRINT

সাসেক্সে খেলতে বিসিবির অনুমতি পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

মোস্তাফিজুর রহমানকে ইংল্যান্ডের সাসেক্স দলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাঁর ইংল্যান্ডের চলমান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু বিসিবির অনুমোদনের পর আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে উড়াল দেবেন কাটার মাস্টার।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএল কাঁপানোর পর এবার ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং রয়েল লন্ডন একদিনের টুর্নামেন্টে খেলতে তৈরি ‘ফিজ’। এরই মধ্যে মোস্তাফিজের ভিসা আবেদনের জন্য তোড়জোড় শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বিসিবির অনুমোদেনের খবরে দারুণ খুশি সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস। তিনি বলেছেন, ‘ফিজকে পেতে উদগ্রীব হয়ে আছি আমরা। আইপিএল থেকে ফেরার পর তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় একটু বেশিই সময় লেগেছিল। কিন্তু বাংলাদেশের অনুমোদন পেয়ে আনন্দিত আমরা।’

বিসিবির মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, ‘মোস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে আমাদের চিকিৎসক দল সবুজ সংকেত দিয়েছে। তাঁকে সম্পূর্ণ তৈরি মনে করছেন চিকিৎসকরা।’ জালাল ইউনুস আরো জানান, সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের ১২ অথবা ১৩ তারিখ ঢাকা ছাড়বেন তিনি।

এর আগে আগামী ২ জুলাই ঈদ করতে সাতক্ষীরা যাবেন মোস্তাফিজ। তারপর ১০ জুলাই নাগাদ ঢাকায় ফিরে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিবেন। এমন তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজের ভাই মোখলেসুর রহমান।

সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাই সাসেক্সের হয়ে অভিষেক হবে তরুণ এই পেসারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.