Sylhet Today 24 PRINT

আইসিসি সভাপতিও বলছেন-আইসিসি মানে ইণ্ডিয়ান ক্রিকেট কাউন্সিল

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৫

খোদ আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সভাপতি আ হ ম মুস্তফা কামালও বলছেন আইসিসি মানে ইণ্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ম্যাচটি হেরে যাওয়ার পেছনে অন্য অনেকের মতো মুস্তফা কামালও আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণকেই দায়ী করছেন।

টস জিতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ৪০তম ওভারে বিতর্কিত সিদ্ধান্তটি দেন পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড।

ওভারের চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল হোসেন। বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসের কাছে ক্যাচ দেন ভারতের রোহিত শর্মা। তবে বলটি কোমরের ওপরে ছিল দাবি করে লেগ আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা গৌল্ডকে 'নো' বলের সঙ্কেত দেন। গৌল্ড তখন 'নো' ডাকলে বিস্ময়ে হতবাক হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা।

এ ছাড়া বিতর্ক ছিল বাউন্ডারি সীমানায় শিখর ধাওয়ানের নেওয়া বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহর ক্যাচটি নিয়েও। ক্যাচটি নেওয়ার সময় সীমানার দড়িতে ধাওয়ানের পা লেগেছিল বলে মনে করেন অনেকে। আর টিভি রিপ্লেতে এটা পরিষ্কারভাবে দেখানো হয়নি বলে সন্দেহ আরও বাড়ে।

এসব নিয়ে মুস্তফা কামাল বলেন, "যা দেখলাম আম্পায়ারা আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে নেমেছিলেন, তাদের কোন কোয়ালিটি নেই।"

এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি বলেন, "আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নই। পরবর্তী বোর্ড মিটিংয়ে আমি এটা তুলব।"

প্রয়োজনে আমি আইসিসি সভাপতি থেকে পদত্যাগ করব। এটা কোনোভাবে মেনে নেব না, ভারতের সাবেক ক্রিকেটাররাও এর প্রতিবাদ করেছে। এমনকি সারা বিশ্বের সাবেক ক্রিকেটার, বিশ্ব মিডিয়া এর প্রতিবাদ করছে- জানালেন আইসিসির সভাপতি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.