Sylhet Today 24 PRINT

সিপিএলে সাকিব নৈপুণ্যে জ্যামাইকার জয়

স্পোর্টস ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৬

সিপিএলে শুভসূচনা করেচে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াহস।

ব্যাটিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও বোলিং দিয়ে মাত  করিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে প্রথম দুই ওভারেও একরকম হতাশ করলেও পরের দুই ওভারে স্বরূপে ফেরেন, দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৫ রানে হারায় জ্যামাইকা তালাওয়াহস।

শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে জ্যামাইকা।

দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে অর্ধশতক করেন ক্রিস গেইল। জ্যামাইকার অধিনায়কের ৩৬ বলের ইনিংসটি গড়া ৪টি চার ও তিনটি ছক্কায়।

২০ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। কুমার সাঙ্গাকারা করেন ২৬ রান।

পাঁচ নম্বরে নেমে ১৫ বলে ৭ রান করে ফিরেন সাকিব।

জবাবে ৭ উইকেটে ১৪৮ রানের বেশি করতে পারেনি সেন্ট কিটস।

লেন্ডল সিমন্সের ২৯ রানে ভালো সূচনা পাওয়া সেন্ট কিটসকে কক্ষপথে রাখেন অধিনায়ক ফাফ দু প্লেসি ও জোনাথন কার্টার। তৃতীয় উইকেটে এই দুই জনের ৪৩ রানের জুটি দলকে জেতার মতো অবস্থানে নিয়ে যায়।

বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙেন নিজের প্রথম দুই ওভারে ১৬ রান দেওয়া সাকিব। তার বলে স্টাম্পড হয়ে ফিরেন ১৮ বলে ২৭ রান করা কার্টার। পরে থিসারা পেরেরার ক্যাচও তালুবন্দি করেন সাকিব।

কার্টারের বিদায়ের পরের ওভারে ফিরে যান দু প্লেসি। এরপর পেরেরা, ব্র্যাড হজ ও কার্লোস ব্রেথওয়েইট তাকে দ্রুত অনুসরণ করলে চাপে পড়ে যায় সেন্ট কিটস। জয়ের জন্য শেষ ওভারে ৩০ রানের ভীষণ কঠিন লক্ষ্য পায় দলটি।

টিমোরি অ্যালেনের করা সেই ওভারে টানা তিনটি ছক্কা হাঁকালেও দলের হার এড়াতে পারেননি ডেভন টমাস। শেষ ওভারে ২৪ রান নিয়ে তিনি পরাজয়ের ব্যবধানই কমান কেবল।

২৩ রানে তিন উইকেট নিয়ে জ্যামাইকার সেরা বোলার কেসরিক উইলিয়ামস। সাকিব ২৫ রানে নেন ১ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.