সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২০ মার্চ, ২০১৫
প্রথমবারের মতো স্বপ্নের কোয়ার্টার ফাইনাল। ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠার ধারাবাহিক গল্প আর প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিকে ম্যাচের পর ম্যাচে বাংলাদেশের শক্তিমত্বা প্রমাণ করার পর এবার দেশে ফিরছে টাইগারেরা। বিমানবন্দরে তাদের সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে ক্রিকেট পাগল জনতা।
ফেসবুকে এ নিয়ে ইভেন্টও হয়েছে। হাজারো লোক গোয়িং দিয়ে জানাচ্ছেন তাদের সমর্থন ও প্রস্তুতি।
ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে হারার মধ্য দিয়ে বাংলাদেশের টাইগারদের এবারের বিশ্বকাপ ক্রিকেট মিশন শেষ হয়েছে বৃহস্পতিবার।
এখন মাশরাফি বিন মর্তুজাদের দেশে ফেরার পালা। আগামী রবিবার সন্ধ্যায় দেশে ফিরছেন তারা। এমটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।
পুরো বিশ্বকাপে বাংলাদেশে অসাধারণ ক্রিকেট খেললেও শেষ পর্যন্ত আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে বলি হয়ে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারতে হয়েছে টাইগারদের।
এর আগে গ্রুপ পর্বে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছিল মাশরাফিরা। অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তেমন ভাল করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকবার দুর্দান্ত পারফরম্যান্স করেছে দেশের ক্রিকেটাররা।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ; অর্জন করেছে ক্রিকেট বিশ্বের আকুণ্ঠ প্রশংসাও।