Sylhet Today 24 PRINT

উইম্বলডন জিতে স্টেফির পাশে সেরেনা

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

উইম্বলডন জিতে স্টেফি গ্রাফের মত ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। টেনিসের উন্মুক্ত যুগে স্টেফি গ্রাফের গড়া রেকর্ডও ছুঁলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

শনিবারের (৯ জুলাই) ফাইনালে সেরেনার বিপক্ষে অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে শিরোপা জেতেন মার্কিন এ তারকা খেলোয়াড়। খেলার প্রথম সেট ৭-৫ গেমে হারের পর দ্বিতীয় সেটে ৬-৩ গেম ব্যবধানে উড়ে যান জার্মানির এই খেলোয়াড়।

দাপুটে টেনিস খেলে উইম্বলডনে নিজের সপ্তম শিরোপাটি জিতলেন সেরেনা। উন্মুক্ত যুগে কিংবদন্তি স্টেফি গ্রাফের জেতা ২২টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডও ছুঁলেন মেয়েদের টেনিসের বর্তমান বিশ্বসেরা।

সেরেনার জেতা এককের বাকি শিরোপার মধ্যে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ৬টি ইউএস ওপেন ও ৩টি ফরাসি ওপেন।

হারের পর সেরেনাকে অভিনন্দন জানান কেরবার, “সব কিছুর আগে আমি সেরেনাকে অভিনন্দন জানাব। তুমি আসলেই এটার যোগ্য, তুমি দারুণ একজন চ্যাম্পিয়ন, দারুণ একজন মানুষ এবং সব সময় তোমার বিপক্ষে খেলাটা সম্মানের।”

স্টেফি গ্রাফের রেকর্ড ছোঁয়ার আনন্দে ভাসছেন সেরেনাও। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন-পর পর দুটি ফাইনালে হেরে যাওয়ার পর ২২তম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পাওয়ায় আনন্দটা একটু বেশিই তার।

“সত্যিই (২২ শিরোপা) নিয়ে না ভাবাটা কঠিন ছিল। এটার জন্য অনেক কঠিন পরিশ্রম করেছি, যা এ জয়কে আরও মিষ্টি করে তুলেছে।”

“এই কোর্টে আমি অবশ্যই স্বচ্ছন্দ। জানি না, আর কি বলতে হবে। আমি ভীষণ শিহরিত।”

কেরবারের প্রশংসা করতে গিয়ে সেরেনা বলেন, “আমি তার সঙ্গে খেলতে ভালোবাসি। সে আমার ভেতর থেকে সেরা টেনিসটা বের করে আনে। কোর্টের বাইরে কেরবার চমৎকার একজন মানুষ।”

২০০২ সালে উইম্বলডন শিরোপায় প্রথম চুমু একেছিলেন সেরেনা। এরপর ২০০৩, ২০০৯, ২০১০, ২০১২ ও ২০১৫ সালে পরের পাঁচটি শিরোপা জেতেন উইলিয়ামস বোনদের ছোটজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.