Sylhet Today 24 PRINT

আর্চারিতে বাংলাদেশের রৌপ্য জয়

থাইল্যান্ডে এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে রৌপ্য পেয়েছে বাংলাদেশ দল।

ডেস্ক রিপোর্ট |  ২২ মার্চ, ২০১৫

থাইল্যান্ডের ব্যাংককে সেমি-ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের তীরন্দাজরা। শনিবার ফাইনালে রাশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যাওয়ায় স্বর্ণ জয়ের আশা পূরণ হয়নি তাদের।

টুর্নামেন্টে বাংলাদেশ আর্চারি দল রিকার্ভের পুরুষ বিভাগে দলগত ইভেন্টে চীনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। আর সেমি-ফাইনালে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে রাখে বাংলাদেশ আর্চারি দল।

সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জেতায় দারুণ খুশি বাংলাদেশ। গণমাধ্যমকে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন শোয়েব চৌধূরী জানান, ভারতকে হারিয়ে ফাইনালে ওঠায় উৎফুল্ল দলের ছেলেরা।

শেখ সজিব, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ দুরুল হুদা-এই তিন তীরন্দাজ বাংলাদেশ দলে খেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.