Sylhet Today 24 PRINT

দেশে ফিরেছে টাইগাররা: বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা (ভিডিওসহ)

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২২ মার্চ, ২০১৫

সফল বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়া মাশরাফি বিন মুর্তজাদের বিমানবন্দরে বরণ করে নেন হাজারো ক্রিকেট ভক্ত।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় পা রাখেন মাশরাফিরা। শনিবার অস্ট্রেলিয়ার এ্যাডিলেড থেকে এমিরেটস ইকে-৪৪১ বিমানযোগে দেশের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রা বিরতি করেছিলেন মাশরাফিরা। 

একাদশ বিশ্বকাপে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল কোয়ার্টার-ফাইনালে খেলা। আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করেন মাশরাফিরা। কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী ভারতকে একটা সময় পর্যন্ত চাপে রাখলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি বাংলাদেশ। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ সেরা রোহিত শর্মা জীবন না পেলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত।

ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বললেন, ‘বাংলাদেশ যে পর্যন্ত গেছে এবারের বিশ্বকাপে, তা আমরা আসলেই কল্পনা করতে পারিনি। ওদের এই পারফরম্যান্স পুরো দেশবাসীর মতো আমাদের গর্বিত করেছে। তাই বীরের মতোই ওদের বরণ করে নেয়া উচিত।’

উল্লেখ্য, বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠে। ভারতের সঙ্গে শেষ আটে বাজে আম্পায়ারিংয়ের জন্য টাইগাররা হেরেছে বলে ভক্তরা মনে করছে।

গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক কমই ছিলেন। ওয়ানডেতে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে হারা দলটির মনোবল ছিল তলানিতে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে চারটি ম্যাচ হারে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ আক্ষরিক অর্থেই তাদের জন্য অগ্নিপরীক্ষায় পরিণত হয়। সব চাপ পেছনে ফেলে শতরানের জয়ে ভালোভাবেই বিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফিরা।

স্কটল্যান্ডের বিপক্ষে তিনশ’ রানের লক্ষ্য তাড়া করে জিতে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলার পথে আরেকধাপ এগিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গড়ে ইতিহাস।

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ না জিতলেও কোয়ার্টার-ফাইনালে ভারতকে মোকাবেলার প্রস্তুতি সেরে রেখেছিল টাইগাররা। আম্পায়ার রুবেল হোসেনকে ‘নো’ বল ডেকে বাংলাদেশের খেলা এলোমেলো করে দেয়ার আগ পর্যন্ত চালকের আসনে ছিলেন মাশরাফিরাই।

সব বিপক্ষে যাওয়ার ম্যাচে হেরে সেমি-ফাইনালে যেতে না পারলেও ক্রিকেটভক্তদের হৃদয় জয় করেছেন মাশরাফিরা। তাই অনেকটা নিভৃতে বিশ্বকাপ খেলতে গেলেও ফেরার সময় তারা পেলেন বীরের সংবর্ধনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.