Sylhet Today 24 PRINT

এল-ক্লাসিকোর ফিরতি লেগে বার্সালোনা ২: রিয়াল মাদ্রিদ ১ (ভিডিও হাইলাইটস)

স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৫

এ যেন এক মল্লযুদ্ধ! পুরো ম্যাচে ১১ হলুদ কার্ড দেখাতে হয়েছিল রেফারিকে। রিয়ালের ৬ জন আর বার্সেলোনার ৫ জন হলুদ কার্ড পান। শেষ পর্যন্ত বার্সালোনার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারায় তারা ২-১ গোলে।

এল-ক্লাসিকোর ফিরতি লেগে বার্সালোনার হয়ে খেলার ১৯ মিনিটে জেরেমি এবং ৫৬ মিনিটে সুয়ারেজ গোল করে দলকে এগিয়ে নেন। আর রিয়ালের হয়ে ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

খেলার ১৯ মিনিটে মেসির করা বাম পায়ের কিক থেকে জোরালো হেডের মাধ্যমে রিয়ালের জালে বল পাঠান জেরেমি। এরপর গোল শোধের নেশায় আক্রমণের পর পর আক্রমণ শুরু করে রিয়াল। শেষ পর্যন্ত ৩১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

অবশ্য ৪০ মিনিটে আরও একটি গোল করেছিল রোনালদো, তবে রেফারির চোখে তা অফ সাইড হিসেবে ধরা দেয়। সমতাসূচক গোলের পর আক্রমণ পাল্টা আক্রমণে খেলার উত্তেজনা বাড়লেও কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

শুরু থেকে নেইমার তেমনভাবে জ্বলে উঠতে না পারলেও ৬৭তম মিনিটে সম্পূর্ণ একার প্রচেষ্টায় দারুণ একটা আক্রমণ করেন তিনি। মাঝ মাঠের আগে থেকে বল পায়ে দুই পাশে প্রতিপক্ষের পাঁচ জন খেলোয়াড়ের বাধা এড়িয়ে ক্ষিপ্র গতিতে বিপজ্জনক সীমানায় ঢুকে পড়েন তিনি। কিন্তু শেষটা ভালো করতে পারলেন না, ক্রসবারের অনেক উপর দিয়ে বল উড়িয়ে মারলেন।

৭৩ ও ৭৪তম মিনিটে আরও দুটি সুযোগ হারায় বার্সেলোনা। প্রথমে মেসি আর পরে নেইমার বল জালে জড়াতে ব্যর্থ হন।

প্রথম লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরেছিল বার্সা। রিয়ালের ঘরের মাঠে সে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটেছিল উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজের।

লা লিগার পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৫ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। ২১ জয়ের পাশাপাশি দুটি ড্র আর চারটি পরাজয় রয়েছে বার্সার শিবিরে। অন্যদিকে সমান ম্যাচ খেলা রিয়ালের জয় বার্সার সমান। তবে, ৫টি ম্যাচ পরাজয়ের সঙ্গে একটি মাত্র ড্রয়ে রিয়ালের অর্জিত পয়েন্ট ৬৪।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.