Sylhet Today 24 PRINT

মোস্তাফিজে মুগ্ধ সাসেক্স ধন্যবাদ জানালো বাংলায়

স্পোর্টস ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

‘আজকের ম্যাচ শুরু হবে রাত 11.30pm (১১.৩০) টায়, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ!’

ইংলিশ ক্রিকেট দল সাসেক্স নিজেদের ফেসবুক পেজে এ বাংলা লিখেছে। লিখবে না কেন? তাদের দলে যে খেলছেন বাংলার কাটার মাস্টার!

দলকে সমর্থন জানানোর জন্য এভাবেই বাংলায় পোস্ট দিয়েছে সাসেক্স। শুক্রবার রাত ১০টার দিকে বাংলায় ওই লাইনগুলো প্রকাশ করে সাসেক্স।

বাংলাদেশের পেসার মোস্তাফিজ কাউন্টিতে খেলতে গিয়েই জাদু দেখিয়েছেন। ইংল্যান্ডের মাটিতে নেমেই পরদিন মাঠে এসেক্সের বিপক্ষে জয় এনে দেন দলকে। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড়।

সাসেক্স অধিনায়ক লুক রাইট এরই মধ্যে বলে ফেলেছেন, ‘মুস্তাফিজের জন্য অপেক্ষা সার্থক।’

লন্ডনে পৌঁছেই মুস্তাফিজ সাক্ষাৎকার দিয়েছেন বাংলায়। সাসেক্সের ইউটিউব চ্যানেলে তা প্রচারিত হয়েছে। কিছুদিন আগে এই বাংলা ভাষা দিয়েই তিনি মাতিয়ে এসেছেন আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সকেও। হায়দরাবাদও জ্বলেছিলো মোস্তাফিজ জাদুতে। শিরোপাপ্রত্যাশীর তালিকায় না থাকা দলটিই জিতে নিয়েছিলো আইপিএল ট্রফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.