Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রায়না

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৫

বিশ্বকাপ আসর শেষ করেই বিয়ের পর্বটা সেরে ফেলতে চান ভারতীয় খেলোয়াড় সুরেশ রায়না। সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল, পাত্রী পাত্রী পিয়াঙ্কা চৌধুরী। আমন্ত্রিত অতিথির তালিকাও তৈরী- তাতে ভিভিআইপি সারিতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

তবে এসব এখনো ভারতীয় মিডিয়ায় গুঞ্জন পর্যায়ে, পারিবারিকভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পাত্রী প্রিয়াঙ্কা মীরাটের বাসিন্দা। তিনি কর্মসূত্রে এই মূহূর্তে নেদারল্যান্ডে রয়েছেন। রায়না ও প্রিয়াঙ্কা দুজনের বাবাই কর্মসূত্রে মুরাদনগর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ছিলেন। তাই অনেকদিন ধরেই দুই পরিবারের যোগাযোগ আছে। তাকে আত্মীয়তার সূত্রে বেধে দেওয়ার ব্যাপারে গত ছয় মাস ধরে তাদের মধ্যে কথাবার্তা চলছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বিয়ের অনুষ্ঠান ছাড়াও দিল্লির ফার্ম হাউসে একটি বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করা হবে রায়নার পরিবারের তরফে। বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় থাকবেন ভারতীয় দলের সদস্য ছাড়াও রায়নার বেশ কিছু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

এদিকে, চলতি বিশ্বকাপে সুরেশ রায়নার পারফরমেন্স মোটামুটি পর্যায়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষের ভুলে জীবন পেয়ে করেছেন শতক। সেদিন ম্যাচ-সেরার পুরস্কারও জেতেন তিনি।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন রায়না। সেটিতেও রয়েছে আম্পায়ারদের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত। সে ম্যাচে তার করা ৬৫ রান ভারতকে তিনশ পেরোতে সহায়তা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.