Sylhet Today 24 PRINT

সিলেটে নির্মিত হচ্ছে ক্রিকেট একাডেমি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৫

আগামির ক্রিকেটার গড়তে সিলেটে নির্মিত হচ্ছে ক্রিকেট একাডেমি। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে জায়গাও বরাদ্দ দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একাডেমিটি নির্মিত হলে সিলেট থেকে বেরিয়ে আসবে আগামীর তারকা ক্রিকেটার।

সেই ২০০০ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। তবে এখনো দেশের ক্রিকেটকে ঢাকা কেন্দ্রিকই বলা যায়। ফলে তৃণমূলে থাকা অনেক প্রতিভাই প্রস্ফুটিত হবার আগেই অংকুরে নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে দশেরে অন্যান্য জায়গাগুলো থেকে ভালোমানের ক্রিকেটারও উঠে আসছে না।

এ অবস্থার উত্তরণে দেশে দু'টি ক্রিকেট একাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর একটি হবে সিলেটে এবং অপরটি চট্টগ্রামে। সিলেটের একাডেমিটি হবে ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণে ১শ' গজের মধ্যে। একাডেমি নির্মাণে ৮ দশমিক ৭৩ একর জায়গাও বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'এর প্রক্রিয়া এগিয়ে চলছে, এর জন্য মিডিয়া সেন্টারের পেছনের জায়গাটি বাছাই করা হয়েছে। মাঠের বাইরে যে জায়গাটি থাকবে, সেখানেই আমরা একাডেমিটি নির্মাণ করবো।'

একাডেমি নির্মাণের খবরে সিলেটের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের বন্যা। তাদের মতে এর মাধ্যমে শুধু সিলেট নয়, বাংলাদেশের ক্রিকেটও এগিয়ে যাবে বহুদূর।

স্থানীয় কোচ মারুফ হাসান বলেন, 'আবাসিক ক্যাম্প করার জন্য যে সুবিধা দরকার তা আমরা পাই না। সিলেটে অনেক উদীয়মান ক্রিকেটার আছে, তারা পর্যাপ্ত অবকাঠামো ও অনুশীলনের অভাবে হারিয়ে যাচ্ছে। একাডেমি হলে এখান থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে।'

একাডেমি নির্মাণে অর্থমন্ত্রীও পর্যাপ্ত টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে বিসিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.