সিলেটুডে স্পোর্টস ডেস্ক | ২৩ মার্চ, ২০১৫
২৪ মার্চ (মঙ্গলবার) বিশ্বকাপের সেমিফাইনালে অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকেই চোকার্স তকমটা এতদিন ডাকটিকিটের মতো লেগে আছে প্রোটিয়াদের ঘাড়ে। কিন্তু কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এখন রীতিমতো আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা শিবির। কিউইদের বিরুদ্ধে ম্যাচের আগে হুঙ্কার ছেড়েছেন প্রোটিয়া অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স। কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, এবার আমাদের বিজয়রথ কেউ থামাতে পারবে না।
বিশ্বকাপের ফাইনালে এর আগে কোনওদিনই উঠতে পারেনি দুটি দলই। মঙ্গলবারের ম্যাচে জয়ী দল আগামী বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীদের সঙ্গে মোলবোর্নে ফাইনাল খেলবে। ব্যাটিংয়ের ঢঙেই ম্যাচের আগে পাওয়া গেল ডি ভিলিয়ার্সকে। বললেন, আমরা এখন দারুন আত্মবিশ্বাসী। একেবারে সঠিক সময়ে দল দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে। আর আমাদের আত্মবিশ্বাসী হওয়ার তো অনেক কারণই রয়েছে। ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে চলতি টুর্নামেন্টে আমাদের কেউ থামাতে পারবে না।
যদিও বিশ্বকাপের আগে গা-ঘামানোর ম্যাচে কিউইরা হারিয়ে দিয়েছিল তাঁদের। কিন্তু তার আগে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠেই ২-০ তে হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের পরিসংখ্যানের বিচারেও ডি ভিলিয়ার্সদের থেকে এগিয়ে ম্যাকালামরা। এর আগে ৬ বার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কিউইরা জিতেছে ৪ টিতে, দুটিতে প্রোটিয়ারা। শেষ তিনটি ম্যাচেও নিউজিল্যান্ডই জিতেছিল। তবে ওয়ানডে মুখোমুখি লড়াইতে অবশ্য এগিয়ে দক্ষিন আফ্রিকানরাই ।
অতীতের এই সব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ ভিলিয়ার্স। তিনি বলেছেন, পিছন ফিরে তাকানোর কোনও অর্থই হয় না। চলতি বিশ্বকাপে দল কেমন পারফর্ম করছে সেটাই একামাত্র বিবেচ্য।
ভিলিয়ার্স বলেছেন, আমাদের অতীত নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি হয়। এটা ঠিকই যে, এতদিন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত কিছু করে দেখাতে পারেনি। কিন্তু ওসব তো অতীত। এখন সামনে একটাই পথ। লড়াই চালিয়ে যাওয়া। এটাই আমাদের মূলমন্ত্র।
তিনি আরও বলেছেন, নিজেদের সেরাটা দিতে পারলে আমাদের জয়ী না হওয়ার কোনও প্রশ্নই নেই। দল হিসেবে আমাদের সক্ষমতার ব্যাপারে আমরা আশাবাদী। অতীতে আমরা বিশ্বকাপে বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। কিন্তু এবার আমরা অনেক তরতাজা। আগামীকালের ম্যাচে জন্য মুখিয়ে রয়েছি।
প্রতিপক্ষ নিউজিল্যান্ডের শক্তি-দুর্বলতা নিয়েও মাথা ঘামাতে নারাজ দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। চোটের জন্য ছিটকে গিয়েছেন কিউয়ি পেসার অ্যাডাম মিলনে। কিন্তু ওই সব বিষয়কে আদৌ গুরুত্ব না দিয়ে নিজেদের শক্তি অনুযায়ী খেলে জেতার কথা ভাবছে প্রোটিয়া শিবির।