Sylhet Today 24 PRINT

কাঁধের অস্থিসন্ধিতে সমস্যায় সাসেক্সের হয়ে আর খেলছেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৬

সাসেক্স সমর্থকদের জন্য খারাপ সংবাদ, টাইগার সমর্থকদের জন্য খারাপ সংবাদ। খারাপ সংবাদ ব্রিটেন প্রবাসী বাংলাদেশীদের জন্য। কাউন্টি খেলেতে গিয়ে দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে আর যে মাঠেই নামা হচ্ছে না কাটার মাস্টারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মোস্তাফিজের সাসেক্সের হয়ে এই মৌসুমে আর মাঠে না নামার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, মোস্তাফিজের এমআরআই রিপোর্টে কাঁধের অস্থিসন্ধির একটি অংশে, সংক্ষেপে যেটিকে বলে স্ল্যাপ (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরেকটি এমআরআই করানো হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে মোস্তাফিজের অস্ত্রোপচার করা হবে কি না।

এ দিকে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম মোস্তাফিজের সম্ভাব্য চিকিৎসা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। তিনি বলেন, `মোস্তাফিজের চোটের চূড়ান্ত সমাধান দুভাবে হতে পারে। একটা হলো ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে, অন্যটি অস্ত্রোপচার করে। ব্যথানাশক ইনজেকশনের কল্যাণে কখনো কখনো এই চোট নিয়েও খেলা যায়। কিন্তু ঝুঁকি এড়াতে জাতীয় দলের প্রয়োজনেও এভাবে মুস্তাফিজকে খেলানো হয়নি। বিসিবি সাসেক্সকেও দিয়ে রেখেছে একই নির্দেশনা।`

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.