Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ড না দক্ষিন আফ্রিকা- কে হচ্ছে নতুন ফাইনালিস্ট?

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০১৫

বিশ্বকাপের ইতিহাসে আর কখনই ফাইনালে খেলা হয়নি নিউজিল্যান্ড কিংবা দক্ষিন আফ্রিকা কোন দলেরই। যেই জিতুক মঙ্গলবার ইডেন পার্ক, অকল্যান্ডে রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস। ইতিহাস তৈরির ম্যাচে প্রতিপক্ষ দু'দলই রয়েছে নিজেদের সেরা ফর্মে। একের পর এক প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়ার মানসিকতায় আত্মবিশ্বাসে টইটুম্বুর ম্যাককুলাম ও ভিলিয়ার্সের দল।

টানা ৭ ম্যাচ জিতে সেমিতে পা রাখা স্বাগতিক নিউজিল্যান্ড অবশ্য কিছুটা এগিয়ে এক্ষেত্রে। হারেনি একটাও ম্যাচ। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যা একটু লড়াই করে জিততে হয়েছে বাকি ম্যাচগুলোতে তো কোন প্রতিপক্ষকেই সামান্য আমলে নেয়নি ব্লাক ক্যাপসরা, রীতিমতো উড়িয়ে দিয়েই এগিয়ে যাচ্ছে প্রথম শিরোপার দিকে।

অপরদিকে ভারত-পাকিস্তানের সাথে গ্রুপ ম্যাচে হারলেও বাকি ম্যাচগুলোতে দক্ষিন আফ্রিকা যেন ছিল অদম্য সিংহ। বিশেষ করে 'চোকার' অপবাদ গুছিয়ে প্রথমবারের মত কোন বিশ্বকাপের নকআউট ম্যাচে জিতে সেমিতে পা রেখেছে অন্যতম ফেবারিটরা। সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে রীতিমতো নাস্তানাবুদ করে অধরা শিরোপার দিকে ছুটছে আফ্রিকার দলটি।

টুর্নামেন্টে ফর্মের মত দুদলের দুই অধিনায়কের মধ্যেও রয়েছে দারুণ মিল। ম্যাককুলাম-ভিলিয়ার্স দুজনেই উইকেট কিপিং পজিশন ছেড়ে শুধু ব্যাটিং আর অধিনায়কত্ব করছেন। দুজনেই বিশ্বের সেরা দুই বিধ্বংসী ব্যাটসম্যান। তারের ঝুলিতে আছে বিচিত্র সব ক্রিকেটিং শট। লড়াইটা তাই ম্যাককুলাম বনাম ভিলিয়ার্সেরও।

লড়াই হবে দুদলের দুই ওপেনার মার্টিন গাপটিল আর হাশিম আমলার মধ্যেও। এ তো ব্যাটিং । টুর্নামেন্টের সেরা দুই বোলিং এটাকই একে অপরের মুখোমুখি হচ্ছে। একদিনে আছেন - স্টেইন, মরকেল, তাহিররা অপরদিকে- সাউদি, বোল্ট, ভেট্টোরিরা। কে জিতবে তাই আগাম বলা যাচ্ছেনা কিছুই।

যদি বলা হয় হোম কন্ডিশনে এগিয়ে থাকবে কিউইরা তখন বের করা যাবে অকল্যান্ডে সর্বশেষ দেখায় ৩ বার জেতা দক্ষিন আফ্রিকান রেকর্ড। বিশ্বকাপে মোকাবেলায় অবশ্য এগিয়ে আছে নিউজিল্যান্ড।

এ পর্যন্ত ৬ বার দেখা হয়েছিল দুদলের, ৪ বার জিতেছে ব্ল্যাকক্যাপসরা আর ২ বার জয় আছে প্রোটিয়াসদের। তবে সার্বিক ওয়ানডে ফলাফলে আবার এগিয়ে দক্ষিন আফ্রিকাই। ৬১ দেখায় নিউজিল্যান্ডের জয় যেখানে ২০, দক্ষিন আফ্রিকা জিতেছে ৩৬ টিতে।  বাকি ৫ ম্যাচ হয়েছে পরিত্যাক্ত। নিউজিল্যান্ডের অবশ্য আছে তাজা স্মৃতি। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই দক্ষিন আফ্রিকাকেই হারিয়ে নিজেদের প্রিয় পজিশন সেমিতে গিয়েছিল তারা।

ফলাফল যা-ই হোক ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উপভোগ্য এক ম্যাচেরই আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ইডেন পার্কের শুরু হবে ফাইনালে উঠার এ লড়াই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.