Sylhet Today 24 PRINT

মুশফিক, নাসিরের গোলে আকরামদের হারালো মাশরাফিরা

ক্রীড়া প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০১৬

শিরোনাম দেখেই হয়ত অনেকে অবাক হয়েছেন। অবাক হবারই কথা। মুশফিক, নাসির আবার গোল করছেন তাও হারাচ্ছেন আকরামদের। হ্যাঁ এমনটাই ঘটেছে আজ। ব্যাট বল ছেড়ে অনুশীলনে প্রায়ই ফুটবল নিয়ে মেতে থাকা বাংলাদেশ দল এদিন আয়োজন করেছিল বিশেষ ম্যাচের। সাবেক ক্রিকেটার বনাম বর্তমান ক্রিকেটারদের ব্যতিক্রমী লড়াইয়ে অবশ্য জয় হয়েছে বর্তমানদেরই।

মিরপুরে মাশরাফির নেতৃত্বে বর্তমান ক্রিকেটারদের ফুটবল একাদশ মুখোমুখি হয় আকরাম খানের নেতৃত্বে সাবেক ক্রিকেটারদের একাদশের সাথে। আর এই ম্যাচে নাসির হোসেন ও মুশফিকুর রহিমের করা দুই গোলে ২-০ ব্যবধানে জিতেছে ম্যাশরা।



খেলার শুরুতে দুদল সমান তালে খেললেও ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে বয়স আর ভুঁড়ি সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় নান্নু-সুজন-আকরামদের জন্য। ফলে জয় তোলে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি মাশরাফি একাদশের।


মাশরাফির দলে হয়ে খেলেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আল আমিন হোসেন, সৌম্য সরকার, নাসির হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ  ও নুরুল হাসান সোহান।



আর জাতীয় দলের সাবেকদের হয়ে এদিন মাঠে নামেন আকরাম খান, হাবিবুল বাশার, জাভেদ ওমর, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, মিজানুর রহমান বাবুল, মিনহাজুল আবেদীন নান্নু, মাসুদুর রহমান মুকুল, হান্নান সরকার ও হাসানুজ্জামান ঝড়ু ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.