ক্রীড়া প্রতিবেদক | ২৪ মার্চ, ২০১৫
শেষ পর্যন্ত ফাইনালে উঠার চাপ নিতে পারল না দক্ষিণ আফ্রিকা । অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি আইনে ভিলিয়ার্সবাহিনীকে ৪ উইকেটে হারিয়ে নতুন ইতিহাস রচনা করে ফাইনালে পা রাখল স্বাগতিকরা । ১৯৯৬ সালের পর নতুন কোন দল উঠল বিশ্বকাপের ফাইনালে । ৮ম বারের মত সেমিফাইনালে এসে শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারল নিউজিল্যান্ড। পারল না দক্ষিন আফ্রিকা। দুর্দান্ত দল নিয়ে এসে আবার ফিরতে হল তাদের খালি হাতে । দক্ষিন আফ্রিকার পরাজয়ের দিনে বৃষ্টি থাকবে না এমনটা হবার নয় । থাকল সেই বৃষ্টিও ।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারের নির্ধারিত কোটায় দক্ষিন আফ্রিকা ২৮১ রান করলেও নিউজিল্যান্ডের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৯৮ । শুরুতেই ঝড় তুলেন অধিনায়ক ব্রান্ডন ম্যাককুলাম । ২৬ বলে ৫৯ করে আউট হবার পর কিছুটা খেই হারানো কিউইরা হারায় টেইলর, উইলিয়ামসন, গাপটলের উইকেটও । কিন্তু অপরদিকে গ্রান্ট এলিয়ট ছিলেন অনন্য । কোরি এন্ডারসন (৫৮) কে সাথে নিয়ে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান দলকে । কোরি আউট হবার পর দুই 'বুড়ো' ভেট্টোরি ও এলিয়ট নিশ্চিত করেন জয় । অপরাজিত ৮২ রান করে ফাইনালে তোলা ৩৬ বছর বয়সী এলিয়টই হয়েছেন ম্যাচ সেরা ।
গুরুত্বপূর্ন টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নেয় দক্ষিন আফ্রিকা । বোল্ট-সাউদি-হেনরি-এন্ডারসনদের সামনে বিপাকে পড়ে কাঁপতে থাকে তাঁদের ইনিংস ।আমলা-ডি'কক-রুশোরা তেমন কিছুই করতে পারেননি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় আফ্রিকার ইনিংস , ডু প্লেসিস, ভিলিয়ার্স এবং শেষে মিলারের উপর ভর করে । ডু প্লেসিস ৮২ , ভিলিয়ার্স ৬৫ ও মিলার ৪৯ রান করেন ।